|
সুপার পেট্রোকেমিক্যাল: মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির
নতুন বার্তা, ঢাকা:
|
২০২৫ সালের ১৬ নভেম্বর টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) নতুন রিফাইনারি করার আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নাকচের পরেও ‘অদৃশ্যশক্তিতে’ প্ল্যান্ট নির্মাণের কার্যক্রম চলমান রাখে দেশের প্রভাবশালী শিল্প গ্রুপটি।এর এক বছরের মাথায় মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আবারও নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে। যে কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে এক বছর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আবেদন নাকচ করেছিল, এবার ওই কমিটির আহ্বায়ককে নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে। বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) জাহিদ হোসাইন হয়েছেন আহ্বায়ক। অথচ ২০২৪ সালে প্রথম কমিটির আহ্বায়ক থাকাকালীন জাহিদ হোসাইন বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন। সূত্র জানায়, হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাসের মাথায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর রিফাইনারি করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করে এসপিএল। এ নিয়ে জাগো নিউজের হাতে আসা অসংখ্য নথি পর্যালোচনা করে দেখা যায়, এসপিএলের আবেদনের পর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ অক্টোবর বিপিসির ওই সময়ের মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) জাহিদ হোসাইনকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে বিপিসি। ওই কমিটিকে প্রস্তাবিত প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনসহ প্রতিষ্ঠানটির (এসপিএল) আবেদন পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ২০২৫ সালের ৮ এপ্রিল বিপিসি চেয়ারম্যানকে প্রতিবেদন জমা দেন ৭ সদস্যের সেই কমিটি। এরপর ২০২৫ সালের ২০ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিপিসি ওই প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে এসপিএলের আবেদনটি নাকচের সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ২০২৫ সালের ১৬ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে নাকচের বিষয়টি এসপিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দারকে অবগত করা হয়। প্রথম আবেদন নাকচের ওই চিঠিতে উল্লেখ করা হয়- ‘সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডকে (এসপিএল) অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ এর আওতায় এ বিভাগ থেকে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি, বিধায় সূত্রস্থ আবেদনটি বিবেচনা করার সুযোগ নেই। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।’ পরে প্রথম আবেদন নাকচ হওয়ার আড়াই মাস পর ২০২৬ সালের ২৯ জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বরাবর চিঠি দিয়ে বেসরকারি নীতিমালা-২০২৩ মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য পুনরায় আবেদন করেন এসপিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘এসপিএল ইউরো-৫ স্ট্যান্ডার্ডের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের লক্ষ্যে বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন করছে। এই রিফাইনারি স্থাপনান্তে এসপিএল বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ১৫ লাখ ৪৬ হাজার ৩৮১ মেট্রিক টন। পরিবেশবান্ধব ইউরো-৫ স্ট্যান্ডার্ডের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের লক্ষ্যে ক্রুড ডিস্টিলিয়েশন ইউনিটের (সিডিইউ) সঙ্গে ডিজেল হাইড্রোট্রিয়েটার ইউনিট, রিসিডিউ ডিসালফারাইজেশন ইউনিট এবং আইসোমারাইজেশন ইউনিট স্থাপন করা হচ্ছে।’ সুপার পেট্রোকেমিক্যালের ২৯ জানুয়ারির আবেদনের পর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ওই বিষয়ের মতামত চেয়ে বিপিসিকে চিঠি দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চিঠির ওপর ভিত্তি করে গত ৮ ফেব্রুয়ারি বিপিসির ১০১৭তম বোর্ড সভায় সুপার পেট্রোকেমিক্যালের আবেদন পর্যালোচনা করা হয়। সভার কার্যবিবরণীতে সুপার পেট্রোকেমিক্যালের প্রস্তাব নাকচের বিষয়টি উল্লেখ করা হয়। এতে উল্লেখ করা হয়- ‘ইআরএল ইউনিট-২ প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে ইতোপূর্বে বাস্তবায়িত এসপিএম প্রকল্পের পুরোপুরি ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে সরকারিভাবে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা তিনগুণ বাড়বে। সে পরিপ্রেক্ষিতে নতুন করে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যালের অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, পরিবহন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত জ্বালানি তেল নিজস্ব ব্যবস্থাপনায় বিপণনের অনুমতি দেওয়ার বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন মর্মে পরিচালকরা একমত পোষণ করেন।’ এসব চিঠির পরবর্তী কার্যক্রম শেষ হওয়ার আগেই গত ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে চিঠি দিয়ে দৈনিক ৩৫ হাজার ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন একটি ক্রুড অয়েল রিফাইনারি প্রকল্পের সফল বাস্তবায়নে সহায়তা চায় এসপিএল। এসপিএলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার স্বাক্ষরিত এই চিঠিতেও রিফাইনারি প্রতিষ্ঠার আবেদন নাকচ হওয়ার বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়। চিঠিতে প্রকল্পটি বার্ষিক সাড়ে ১৭ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল ধারণক্ষমতার এবং প্ল্যান্টে লাইট ক্রুড পরিশোধন করা হবে বলে উল্লেখ করা হয়। চিঠিতে প্রকল্পের সরকারি অনুমোদনের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। আর ওই চিঠির ওপর ভিত্তি করে মতামত ও সুপারিশ চেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর কার্যক্রম শুরু হওয়ার আগেই গত ২৭ অক্টোবর বিপিসির চেয়ারম্যানকে লেখা সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার স্বাক্ষরিত চিঠিতে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমোদন চাওয়া হয়। অথচ এর আগে গত ১৪ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে দেওয়া চিঠিতে সুপার পেট্রোকেমিক্যালের নির্মাণাধীন প্ল্যান্টটিকে লাইট ক্রুড পরিশোধন উপযোগী করে নির্মাণের কথা উল্লেখ করা হয়। চিঠিতে বছরে ২০ লাখ টন সৌদি অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানি করার আগ্রহের কথা জানানো হয়। এর মধ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে বিপিসি। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত নতুন কমিটি গঠনের এ চিঠিতে ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুসরণে সুপার পেট্রোকেমিক্যালস পিএলসি রিফাইনারি স্থাপনে সব শর্ত পূরণ করেছে কি না, তা সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন আগামী তিনদিনের মধ্যে বিপিসির চেয়ারম্যান বরাবর দাখিল করার নির্দেশনা দেওয়া হয়। অথচ ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ নীতিমালার অবকাঠামো নির্মাণ ও রিফাইনিং সুবিধার ৭.১ উপধারায় উল্লেখ রয়েছে- ‘সরকারের অনুমোদন ব্যতীত কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না।’ অথচ অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। নীতিমালার ৭.৩ উপধারায় লেখা আছে- ‘বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ক্ষেত্রে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার অনুমতি নিয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ও কোড অনুযায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ রিফাইনারি/প্ল্যান্ট, জেটি, লোডিং-আনলোডিং আর্মসহ প্লাটফর্ম, স্টোরেজ ট্যাংকসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।’ অথচ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রাথমিক আবেদন নাকচের পরেও প্ল্যান্ট ও স্টোরেজ ট্যাংক নির্মাণ চলমান রাখে প্রতিষ্ঠানটি। ৭.১০ উপধারায় উল্লেখ রয়েছে- ‘রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে বিদেশ থেকে পুরোনো প্ল্যান্ট আমদানিপূর্বক স্থাপন করা যাবে না। মানসম্মত পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন নিশ্চিত করার স্বার্থে আন্তর্জাতিক স্বীকৃত প্রসেস লাইসেন্সরের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি থাকতে হবে।’ কিন্তু অনুমোদন নেওয়ার আগে প্ল্যান্ট নির্মাণ চলমান থাকার কারণে প্ল্যান্টটি পুরাতন কিংবা নতুন কি না, তা যাচাই করেনি বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিয়েও নতুন কমিটির আহ্বায়ক বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) জাহিদ হোসাইনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে কথা হলে বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, ‘সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি নির্মাণের আবেদনের বিষয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের সুপারিশ আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’ এর আগেও ২০২৪ সালে প্রাথমিক আবেদনের বিষয়ে কমিটি গঠন ও ২০২৫ সালে মন্ত্রণালয়ে আবেদনটি নাকচের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিদ্যমান নীতিমালা অনুসরণে তাদের পোস্টফেক্টো একটি প্রভিশনের সুবিধার আলোকে ইনফ্রাস্ট্রাকচার অনুমোদনের জন্য কমিটি গঠন করা হয়েছে।’ তবে নীতিমালা অনুযায়ী কমিটি প্রতিবেদন দেবে। সুপার পেট্রোকেমিক্যালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রণব সাহাকে ফোন দিলে রিসিভ করেননি। মেসেজ দিলেও তাতে সাড়া দেননি। নীতিমালার ১১ ধারায় ইতোমধ্যে স্থাপিত প্ল্যান্ট/রিফাইনারি এ নীতিমালার আওতায় কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হয়েছে। কিন্তু সুপার পেট্রোকেমিক্যালের বিদ্যমান পুরাতন প্ল্যান্টটি একটি সিআরইউ (ক্যাটালিটিক রিফর্মিং ইউনিট) প্ল্যান্ট। এটিতে ইস্টার্ন রিফাইনারি থেকে পাওয়া উপজাত ন্যাফথা ও গ্যাস ফিল্ডের কনডেনসেট পরিশোধন করা হয়। ক্রুড পরিশোধন প্ল্যান্টটি নতুন নির্মাণ করা হচ্ছে। আবেদনও করা হয়েছে জ্বালানি নীতিমালা-২০২৩ এর পরে। নতুন নির্মিত হলে নীতিমালার ১১ ধারা কাজে লাগানোর সুযোগ নেই বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এ বিষয়ে কথা হলে জ্বালানি বিশেষজ্ঞ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ড. এম শামসুল আলম বলেন, ‘জ্বালানি নীতিমালা-২০২৩ অনুযায়ী পূর্বানুমোদন ছাড়া প্ল্যান্ট নির্মাণের সুযোগ নেই। অনুমোদনহীনভাবে রিফাইনারি প্ল্যান্ট নির্মাণ করাও অপরাধ।’ তিনি বলেন, ‘তারা অনুমোদনহীনভাবে প্ল্যান্ট করলে, এটাতে তারা আইন লঙ্ঘন করেছে। এটাতে তাদের শাস্তির আওতায় আনা উচিত। এটা অনুমোদন দিলে তাদের এই বেআইনি কার্যক্রমকে সুরক্ষা দেওয়ার নামান্তর হবে। রাষ্ট্র এমন বেআইনি কাজ করতে পারে না।’ |