|
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
নতুন বার্তা, ঢাকা:
|
রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জনজীবনে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। এরই মধ্যে ফরিদপুরে বাসে আগুনে প্রাণ গেছে ঘুমন্ত চালকের। কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হচ্ছে, কোথাও মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে মানুষকে।গত কয়েক দিনে রাজধানী ঢাকা ছাড়িয়ে গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, বাসস্ট্যান্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে ঘটছে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সমর্থকদের সংশ্লিষ্টতা রয়েছে। অন্যদিকে সংসদে বিরোধী দলের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। আর সরকার বলছে, বিচ্ছিন্ন এসব ঘটনা দিয়ে সামগ্রিক পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলা যৌক্তিক নয়। রাজধানী ছাড়িয়ে জেলায় জেলায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ও দুটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হলে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের আরেকটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত প্রাঙ্গণ, তেজগাঁও শিল্পাঞ্চল, উত্তরা, মিরপুর, আদাবর ও বনানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সিআইডি সদর দফতর, পল্লবী থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনার সামনেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভাটারা এলাকাতেও একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। ঢাকার বাইরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের দুটি বাসে পৃথক সময়ে আগুন দেওয়া হয়। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। একটি মিনিবাসেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জে সরকারি জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টাও হয়। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় আটজনকে গ্রেফতার এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে বাস ভাঙচুরের সময় তিনজনকে গ্রেফতার এবং দুটি পেট্রোলবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর আগুন লাগে। রংপুরের মিঠাপুকুরে মহাসড়ক থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। বাগেরহাটে পণ্যবাহী পিকআপে আগুন দেওয়া হয়। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় অবরোধ ও যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। ফরিদপুরে বাসে আগুনে চালকের মৃত্যু এসব ঘটনার মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ফরিদপুরে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পার্কিং করা বাসেও আগুন দেওয়ার ঘটনায় পরিবহনশ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক চালক বাসেই বিশ্রাম নেন। এখন চলন্ত গাড়ির পাশাপাশি পার্কিং করা গাড়িতেও হামলার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহনসংশ্লিষ্টদের উদ্বেগ, সড়কে চলাচল ও গাড়ি পার্কিং—দুই ক্ষেত্রেই সতর্ক থাকতে হচ্ছে। যাত্রীদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ‘পরীক্ষা না থাকলে মেয়েকে স্কুলে পাঠাতাম না’ নিরাপত্তা নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি অভিভাবকদের মধ্যে। মোহাম্মদপুরের বাসিন্দা সাবিহা লায়লার মেয়ে আনিকা নাওয়ার অষ্টম শ্রেণিতে পড়ে মুন্সী আব্দুর রউফ স্কুলে। মেয়ের পরীক্ষা থাকায় উদ্বেগ নিয়েও তাকে স্কুলে পাঠিয়েছেন তিনি। সাবিহা লায়লা বলেন, ‘আজ আমার মেয়ের পরীক্ষা। পরীক্ষা না থাকলে যেতে দিতাম না। চারদিকে যে রকম বোমাবাজি চলছে।’ তিনি আরও বলেন, ‘শিয়া মসজিদের কাছে স্কুলের বাসে তাকে তুলে দিয়েছি। ফিরে না আসা পর্যন্ত টেনশনে ছিলাম। পরীক্ষা না থাকলে হয়তো আর পাঠাবো না।’ বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক কামরুজ্জামান শাহিন বলেন, ‘আমরা সাধারণ মানুষ। এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি। তার ওপর দেশ আবার অস্থিতিশীল হলে আমরা কোথায় যাবো?’ তিনি বলেন, ‘যে হারে ককটেল, বাসে আগুনের ঘটনা ঘটছে, তাতে ছেলেমেয়ে নিয়ে রাস্তায় বের হতেও ভয় লাগছে। এই এলাকাতেও ককটেল মারা হয়েছে শুনলাম। দিন যত যাচ্ছে, আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে।’ আরেক অভিভাবক রোজিনা ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহ ধরে এসব ঘটনা ঘটছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে। আমরা কি আবারও সেই অস্থিতিশীলতার দিকে যাচ্ছি?’ তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে অনেকেই বের হতে ভয় পাচ্ছেন। একজন নাগরিক হিসেবে বলবো, আমাদের এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা এসব আতঙ্কের অবসান চাই।’ ‘বের হলাম, ককটেলে আহত হলাম—আমাকে দেখবে কে?’ বনশ্রীর বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবির হোসেনের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সহিংসতা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে দেশের যে ক্ষতি হয়েছে, তার ক্ষত এখনও শুকায়নি। আবারও সেই রকম ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’ আবির হোসেন বলেন, ‘আমি অফিস থেকে এসে স্ত্রী ও বাচ্চা নিয়ে কোথাও যাবো, গত কয়েক দিনের ঘটনায় এখন ভয় পাচ্ছি। এই বনশ্রীতেও ককটেল ফুটেছে। এখন আমি বের হলাম, ককটেলে আহত হলাম, আমাকে দেখবে কে? মালিবাগে ছোট একটা ছেলের ওপর ককটেল পড়েছে। আমরা কোন দিকে যাচ্ছি, নির্ভয়ে বাড়ি থেকে বের হতেও পারবো না?’ রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার ঘটনাও মানুষের উদ্বেগ বাড়িয়েছে। সন্ধ্যার পর উদ্বেগ, জীবিকার তাগিদে ঝুঁকি নিরাপত্তার শঙ্কা প্রভাব ফেলছে ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের ওপরও। ব্যবসায়ী মিলন বলেন, ‘এখন ব্যবসা-বাণিজ্য কতটা ভালো, মার্কেটে আসলে বোঝা যায়। গত এক সপ্তাহের পরিস্থিতিতে মানুষ সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। অন্যদের মতো আমিও আতঙ্কিত।’ পরিবহনচালক সেলিম বলেন, ‘সন্ধ্যার পর থেকে যা ঘটছে, তাতে জীবন হাতে নিয়ে চলতে হয়। প্রয়োজন না হলে গাড়ির স্টিয়ারিং ধরতাম না। কিন্তু আমাদের করার কিছু নেই। ঝুঁকি নিয়েই চলছি।’ তার প্রশ্ন, ‘গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল মারছে। আমাদের নিরাপত্তা কোথায়?’ আতঙ্ক ছড়ানোর চেষ্টা, দাবি পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশের দাবি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন। মঙ্গলবার তিনি জানান, রাজধানীতে আগের ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার ঘটনায় অন্তত ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দুর্বৃত্তদের আইনের আওতায় আনছি। নগরবাসীকে বলতে চাই, সতর্ক হয়ে চলাফেরা করুন। কোথাও যদি দেখেন কোনও দুর্বৃত্ত এ ধরনের কাজ করছে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’ অভিভাবকদের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোর দমন করবে।’ কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, জানতে চাইলে তিনি বলেন, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তিনি বলেন, গত সাত মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তারা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, আইনশৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা দেখা যায় না। গোয়েন্দা তৎপরতা ও ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার ব্যর্থতাসহ সামগ্রিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ ও জবাবদিহি চান তিনি। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত কয়েক দিনে আর্মি গলফ ক্লাব, এসবির সদর দফতরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটেছে, সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ছাড়া পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন, সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সরকারি দলের কার্যালয় এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার কথাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে এবং কাদের গ্রেফতার করেছে, তার স্পষ্ট তথ্য নেই বলে অভিযোগ করেন শফিকুর রহমান। পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসারসহ এতগুলো বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দু-একটি প্রতীকী ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন বলা যৌক্তিক নয়। রাতের অন্ধকারে পরিত্যক্ত বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার প্রমাণ নয় বলে মন্তব্য করেন তিনি। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসরদের সক্রিয় হওয়ার চেষ্টা এবং সীমান্তের ওপার থেকে তাদের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বক্তব্যের শেষে তিনি বলেন, দেশের অভ্যন্তরে বা সীমান্তের বাইরে থেকে কোনও ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা হলে সেই ষড়যন্ত্র উন্মোচন করা হবে। ‘সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।’ তিনি বলেন, ‘ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার প্রসঙ্গটি রাজনৈতিক আলোচনায় রয়েছে। কিন্তু সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এর কতটা সংযোগ রয়েছে, তা অনুমানের ভিত্তিতে নয়, তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।’ ড. তৌহিদুল হকের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। |