/ জাতীয় / নাশকতা
নাশকতা
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 11 November, 2026 at 2:13 AM
নাশকতাশুরুটা হয়েছিল শুক্রবার সন্ধ্যা থেকে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা দিয়ে শুরু। টানা কয়েক রাত ধারাবাহিকভাবে বাসে অগ্নিসংযোগ করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে জননিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে আগের দিন রাত থেকে গতকাল দিনভর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস, ট্রেনের বগি এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জ, ফরিদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে ফরিদপুরে একজন বাসচালকের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের এসপি ও গোয়েন্দাদের জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত রাজধানীর বেশ কয়েক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাধিক ককটেল বিস্ফোরণের সময় একজন আহত হয়েছেন। ধানমণ্ডি থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা থামাতে ঢাকা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি।
গতকাল বেলা ২টা ২০ মিনিটে ঢাবি’র বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল (৩৬) নামের একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক দুপুরের খাবার শেষে গাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। একই সময়ে ওই এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি ভবনের উপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমি ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।
বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বর এলাকায় দু’টি অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমণ্ডি সিটি কলেজের পাশে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল, স্টিল ব্রিজ কালশি পুলিশের চেকপোস্ট, বাংলাদেশ ইউনিভার্সিটির গেট ও চানখাঁরপুলে জনতা ব্যাংক ঢাকা মেডিকেল শাখার সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একজন পথচারী আহত হন।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। হ্নতুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন ওরফে শুক্কুর (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। লালবাগে নাশকতার অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

 ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) এর মৃত্যু হয়েছে। অপরদিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জাফর বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি জুট মিলের শ্রমিক বহনকারী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।
জানা যায়, রাতে বাসটি ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের উপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এরআগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জাফর বাজার এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি শ্রমিক বহনকারী বাসে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক সামান্য আহত হয়েছে। এদিকে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ঘটনস্থল পরিদর্শন করে জানান, অপরাধীদের শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় বিক্ষোভ-অবরোধ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গত সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন সংগঠনটির প্রায় দুই হাজার নেতাকর্মী। এতে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং পদ্মা সেতু ও সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে নিয়ে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে টোলপ্লাজার সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা তাদের অবস্থানের কারণে টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌড়ঙ্গির মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। তখন তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন। পরে মিছিলটি চৌড়ঙ্গি থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে তারা। সেখান থেকে পুনরায় চৌড়ঙ্গি হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ট্রেনের বগিতে আগুন:
নেত্রকোণার মোহনগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বগির চারটি আসন পুড়ে যায়। মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে। বগিতে আগুন দেখতে পেয়ে ট্রেনের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে হাওর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে মোহনগঞ্জ রেলস্টেশন ছেড়ে যায়। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। স্টেশনে ট্রেন থামার পর যাত্রীরা নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরা খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী না থাকার সুযোগে দুর্বৃত্তরা ‘ড’ বগিতে আগুন দেয়। বগিতে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিটি প্ল্যাটফরমের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগির ৫, ৬ ও ১১, ১২ নম্বর আসন পুড়ে যায়।
সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহন’-এর দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় একটি বাসের ভেতর চালক ঘুমে থাকলেও তিনি অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন। স্থানীয়দের সূত্রে জানা যায়, গভীর রাতে গেন্ডা ময়লার মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বাস দু’টিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সে সময় একটি বাসের ভেতর সাভার পরিবহনের এক চালক ঘুমাচ্ছিলেন। বাসে আগুন লাগার বিষয়টি টের পেয়েই তিনি দ্রুত নেমে পড়েন এবং প্রাণে রক্ষা পান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কার্যালয়ের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী সুজন মোল্লা সহ ৩ জন ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেন। তখন সুজন বলেন, ইউনূসের মতো কোন স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।
নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের কাফুড়িয়া এলাকায় রাতে চলাচলকারী বাসও ট্রাকের গ্লাস ভাঙার সময় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাত ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের কাফুড়িয়া এলাকায় কয়েকটি মোটরসাইকেল ও একটি সাদা হায়েস গাড়ি নিয়ে এসে মহাসড়কে চলাচলকারী বাস ও ট্রাকের সামনে থেকে ঢিল ছুড়ে গ্লাস ভাঙছে এমন খবরে সেখানে আসে ছাত্রদলের নাটোর সদর থানা সভাপতি এসএম মোস্তাফিজ আদনানসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া করে একটি মোটরসাইকেলসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর নামক স্থানে গ্রামীণ ব্যাংক কড়ইবুনিয়া শাখায় আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ব্যাংক কর্তপক্ষ জানিয়েছে এঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার সময় তালাবদ্ধ ওই ব্যাংকের কলাপসিবল গেটের ভিতর পেট্রল ঢেলে একদল দৃর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর ব্যাংকের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে আসার পর দেখেন আগুন নিভে গেছে। গ্রামীণ ব্যাংক কড়ইবুনিয়া শাখার ম্যানেজার রোজ পাল বলেন, ধারণা করা হচ্ছে একদল দৃর্বৃত্তরা আনুমানিক রাত ৩টার সময় পেট্রল ঢেলে তালাবদ্ধ ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিভে যাওয়ায় ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বরগুনার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া, ট্রাকে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত থেকে বরগুনা জেলার বেতাগী উপজেলাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা দেয়া হয়। পাশাপাশি বেতাগী পৌরসভার একটি ট্রাকে আগুন দেয়া এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। রাতভর একের পর এক এসব নাশকতামূলক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ফেনীতে রাতের আঁধারে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এসময় একটি চিরকুট ঝুলিয়ে দেয়া হয়, তাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাম লেখা ছিল। প্রতিষ্ঠানগুলো হলো ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ফেনী গিরীশ অক্ষয় একাডেমি (জিএ একাডেমি)। আর আগুনের ঘটনাটি ঘটে দাগনভূঞা উপজেলা সদরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় মঙ্গলবার ভোররাতে উপজেলা সদরের ইব্রাহিম ফিলিং স্টেশনের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাক্টরে মুখোশ পরে আসা দুই যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কয়েক সেকেন্ডর মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে উঠলে যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার জলমা এলাকায় ৮নং ওয়ার্ডের দারোগার ভিটার সামনে এ ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজে দু’জন যুবক মোটরসাইকেলে এসে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের দু’জনের মুখে মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খাগড়াছড়ির গুইমারা ও জেলা সদর এলাকায় রাতের আঁধারে অতর্কিত নাশকতা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় একটি স্থানীয় বিএনপি কার্যালয় পুড়িয়ে দেয়ার পাশাপাশি সড়কে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। এ ছাড়া, শহরে পার্কিং করে রাখা একটি জিপ (চাঁদের গাড়ি) পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে।
জানা যায়, সোমবার মধ্যরাতের দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে আকস্মিক আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় ভেতরের সমস্ত আসবাবপত্র ও দলীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে ততক্ষণে সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। একই রাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাছের গুঁড়ি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে ধরেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থসম্পাদক নির্জনকে হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মানিকগঞ্জ জেলা শহরের প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ একাধিক স্থানে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে দফায় দফায় অন্তত ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া মধ্যরাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একের পর এক বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় পুরো শহর জুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাশকতার ঘটনায় জেলায় ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন ছাত্রলীগ নেতা রয়েছে।
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার পর এবার দাঁড়িয়ে থাকা অপর একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চন্দ্রার হাজীবাড়ী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে হঠাৎ ভ্যানের সামনের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা। পরে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পাশাপাশি কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, সন্ধ্যায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাকার ধামরাইয়ে আবারো থেমে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নাশকতা
নাশকতা
শুরুটা হয়েছিল শুক্রবার সন্ধ্যা থেকে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা দিয়ে শুরু। টানা কয়েক রাত ধারাবাহিকভাবে বাসে অগ্নিসংযোগ করা হয়। ...
২
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জনজীবনে দেখা দিয়েছে ...
৩
সুপার পেট্রোকেমিক্যাল: মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির
সুপার পেট্রোকেমিক্যাল: মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির
২০২৫ সালের ১৬ নভেম্বর টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) নতুন রিফাইনারি করার আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ ...
৪
আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের ...
৫
নড়াইলে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় কালাই উপজেলা
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় কালাই উপজেলা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রাজশাহী বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল ...
৮
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৯
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ...
১০
ধানমন্ডি ৩২ থেকে প্রজন্ম ৭১ লেখা সাদা কাগজ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ধানমন্ডি ৩২ থেকে প্রজন্ম ৭১ লেখা সাদা কাগজ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় ককটেলের সঙ্গে প্রজন্ম ৭১ লেখা সম্বলিত একটি ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৩
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৪
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৫
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৭
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
৮
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে সবাই শান্তি চায়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবনা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক ...
৯
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
১০
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com