|
নড়াইলে ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকাসহ ২ মাদক কারবারি আটক
মোঃ শাহীনুজ্জামান, নড়াইল :
|
নড়াইল সদর উপজেলায় ১ হাজার পিস ইয়াবা, নগদ ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মুলদাইড় পশ্চিমপাড়া গ্রামের আ. রশিদ শেখের ছেলে আহাদ শেখ (৩৮) এবং ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ডিএনসির নড়াইল কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আহাদ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কাঠের ক্যাবিনেট ও লুঙ্গির কোচরে লুকিয়ে রাখা পাঁচটি জিপার ব্যাগ থেকে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ডিএনসি নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছে। তাদের মাছের ঘের রয়েছে এবং তারা দীর্ঘদিন কুয়েতে প্রবাসী ছিলেন। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা হয়েছে। |