|
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ১০টি অতিরিক্ত ব্যাটারি, নগদ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মো. মশিউর রহমান (৩২) ও একই এলাকার মো. রাজিব (২১) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. সাদেক (৩৫) ও একই এলাকার মো. মামুন মিয়া (২৩)। রোববার মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৫৮ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, ঢাকা মহানগরীর মুগদা থানা এলাকা থেকে মো. হারুনুর রশিদ রতন (৪৭) নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে একটি পিকআপে করে যমুনা সেতুর দিকে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ খবরের ভিত্তিতে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ঢাকা মেট্রো-ন-১২-৬০৫৮ নম্বরের একটি পিকআপে ব্যাটারিচালিত অটোরিকশা দেখতে পেয়ে পুলিশ থামার জন্য সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা চালক ও সহযোগীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেন, পিকআপে থাকা অটোরিকশাটি মুগদা থানা এলাকা থেকে চুরি করে রংপুরে নিয়ে যাচ্ছিলেন। অভিযানে একটি পিকআপ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১০টি ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি রিয়েলমি স্মার্টফোন এবং দুটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। |