|
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের চার্জিং পিন, খুচরা যন্ত্রাংশ ও কাশির সিরাপ।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির টহল দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ ও ৬ নম্বর আরবি থেকে প্রায় ১৫০ ও ২০০ গজ ভেতরে কেঁড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। এ ছাড়া মাদরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১৩ নম্বর আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে চান্দা এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৬/৭ এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে একই এলাকার কাছাকাছি স্থান থেকে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়দ্দহা এলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ জব্দ করে। সব মিলিয়ে এসব অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। |