|
শিশু নিখোঁজ ও পাচার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন
নতুন বার্তা, ঢাকা:
|
দেশে আশঙ্কাজনক হারে শিশু নিখোঁজ ও পাচারের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিখোঁজ শিশুদের উদ্ধার ও শিশু সুরক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকাল ৫:০০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে ‘অগ্রযাত্রা নারী ফোরাম ও সমমনা সংগঠনসমূহ’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম বকুল, অগ্রযাত্রা নারী ফোরামের সদস্য সচিব মেহনাজ মালা, ‘রিভার বাংলা’র সম্পাদক ফয়সাল আহমেদ, নারী কন্ঠের ভাইস প্রেসিডেন্ট, নাজরানা শবনম, সীমান্ত এর প্রধান নির্বাহী, শাকিলা পারভিন, ব্রেভ এর প্রধান নির্বাহী জাকিয়া জাহান, মাহাবুবুল হক, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, ড. আব্দুল ওহাব, পরিবেশবিদ, আব্দুল মজিদ অন্তর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নিখোঁজের ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, এটি জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য উল্লেখ করে তারা জানান, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫,৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩,৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২,০৩৮ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ থাকা এই শিশুদের মধ্যে ০ থেকে ৯ বছর বয়সী ৬৮ জন এবং ১০ থেকে ১৭ বছর বয়সী ১,৯৭০ জন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যের বরাতে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিখোঁজ হওয়ার পর অন্তত ৩৬ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, যা জনমনে তীব্র আতঙ্ক তৈরি করেছে। মানববন্ধন থেকে বক্তারা সমন্বিত দাবি উত্থাপন করে জানান, এখনো উদ্ধার না হওয়া ২,০৩৮ জন শিশুসহ নিখোঁজ প্রতিটি শিশুর জন্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুসন্ধান ও কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণের সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক অনুসন্ধান ও ঝুঁকি মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি পুলিশ, পিবিআই, ডিবি ও সমাজসেবা অধিদপ্তরের মতো সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুদের সার্বিক তথ্যাদি নিয়ে অবিলম্বে একটি হালনাগাদ জাতীয় ডাটাবেস তৈরি এবং তারা পাচার, অপহরণ কিংবা কোনো সহিংসতার শিকার হয়েছে কি না তা গভীরভাবে তদন্ত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্তানহারা পরিবারগুলোকে নিয়মিত তদন্তের অগ্রগতি জানানো, উদ্ধারকৃত শিশুদের মানসিক কাউন্সেলিং ও নিরাপদ পারিবারিক পুনর্মিলন নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। সমাবেশের সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, কোনো পরিবার যেন সন্তান হারানোর অনিশ্চয়তায় দিন না কাটায়, সেজন্য রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিখোঁজ শিশুদের দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। |