|
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
নতুন বার্তা, চট্টগ্রাম:
|
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।গ্রেপ্তার খোরশেদ আলম রনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নোয়াহাট এলাকার বাসিন্দা মৃত মাহবুবুল আলমের ছেলে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ওই কলোনির ১৩ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন খোরশেদ আলম। পরে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার পরনের জিনসের প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনযুক্ত পিস্তলসদৃশ একটি স্টিলের বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি। |