|
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
নতুন বার্তা, ঢাকা:
|
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এ ব্যবস্থার লক্ষ্য। এ ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে দুই দেশ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে এ রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদার করতে দেশটির সহযোগিতা চান তিনি। এ সময় রোহিঙ্গাদের পক্ষে ধারাবাহিকভাবে কাজ করায় এডিনবারার ডাচেস সোফিরও প্রশংসা করেন শামা ওবায়েদ ইসলাম। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তার সাম্প্রতিক সফরসহ এ জনগোষ্ঠীর অধিকার ও দুর্দশা নিয়ে সোফির অ্যাডভোক্যাসি বিষয়টি উল্লেখ করেন তিনি। জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তার আলোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। |