|
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
নতুন বার্তা, ঢাকা:
|
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সহিংসতা ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জে। দেশের বিভিন্ন স্থানে চলছে জ্বালাও-পোড়াও। পরিস্থিতি মোকাবিলায় ক্ষমতাসীন দল হিসেবে কী ভাবছে বিএনপি?লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশ অস্থিতিশীল করে তোলার অভিযোগ উঠছে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রথমবারের মতো জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্যদের যেতে বলেছেন নিজ নিজ সংসদীয় এলাকায়। প্রধান বিরোধী দল জামায়াত এ ইস্যুতে খুব বেশি সরব নয়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোন পথে হাঁটছে রাজনীতি? বিএনপি কী প্রস্তুতি নিচ্ছে তার আগে জেনে নেওয়া যাক আওয়ামী লীগ কোন ধরনের তৎপরতা চালাচ্ছে। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে যোগাযোগ করেছে তার পক্ষে যুক্তরাজ্যের একটি আইনি প্রতিষ্ঠান। সরকার বলছে, প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া বিকল্প নেই। নিজেদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বিএনপি। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর অনলাইন প্রচার, কর্মসূচি ঘোষণা ও মাঠপর্যায়ের তৎপরতার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আইনি সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেই দলটির নামে হরতাল, লিফলেট বিতরণ, গণসংযোগ ও সবশেষ ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা পালন হচ্ছে। এসব কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলা হয়। প্রজ্ঞাপনে দলটির প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই দিন নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। অর্থাৎ দলটির নিবন্ধন বাতিল নয়, স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় অংশ ভারতে অবস্থান করছে। বিশেষ করে কলকাতায় তাদের অনেকের অবস্থানের কথা বিভিন্ন সূত্রে জানা যায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে থাকা কিছু নেতাও ভারতে গেছেন বলে দলীয় ও সংশ্লিষ্ট সূত্রের দাবি। দলটির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে প্রচারণা, বিভিন্ন কর্মসূচির ঘোষণা এবং নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট, ১৫ নভেম্বর লিফলেট বিতরণ, দেওয়াল লিখন, প্রচার ও গণসংযোগ এবং ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণার তথ্য সামনে এসেছে। তবে এসব কর্মসূচি কেন্দ্রীয় নেতৃত্বের কতটা সমন্বয়ে পরিচালিত হচ্ছে, দেশের ভেতরে সাংগঠনিক যোগাযোগ কতটা কার্যকর এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতি কতটা- এসব বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনৈতিক মনোযোগ আকর্ষণ করাই আওয়ামী লীগের কর্মসূচিগুলোর অন্যতম লক্ষ্য। তবে দলটির নেতাদের মধ্যেও দেশে ফেরার বাস্তব প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে সহিংসতা, সামনে এলো মাঠের পরিস্থিতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে ১৭ নভেম্বর রাত থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে থানায় হামলা ও আগুন দেওয়া হয়। হামলাকারীরা আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের মুকসুদপুরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেওয়ার খবরও পাওয়া যায়। গোপালগঞ্জের বাইরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, রাজনৈতিক কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুই নেতাকর্মী নিহত হন। নাশকতায় জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী গত কয়েকদিনে গ্রেফতার হয়েছেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে দলটির অনেক নেতাকর্মীর বাড়ি। সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ স্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি কতটা প্রস্তুত? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রেক্ষাপটে বিএনপি নিজেদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তবে দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা হচ্ছে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি নয়, নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়েই রাজপথে থাকতে হবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও আইনি সহায়তা দেওয়ার অভিযোগে দলের ভেতরেও কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে নিজেদের উদ্যোগে আলাদা কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে বলা হয়েছে। দলীয় সূত্র বলছে, ডিসেম্বরের প্রথম দিন থেকেই কর্মসূচি শুরুর পরিকল্পনা দলটির। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ জাতীয় ও দলীয় গুরুত্বপূর্ণ দিনগুলো কেন্দ্র করে কর্মসূচি সাজানো হচ্ছে। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার বছরপূর্তি এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরেও কর্মসূচি থাকবে। তবে এসব কর্মসূচি আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি হিসেবে দেখাতে চায় না বিএনপি। দলীয় নেতৃত্বের নির্দেশনা হচ্ছে, প্রতিপক্ষের কর্মসূচি ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারা বসানো বা সংঘাতের পরিস্থিতি তৈরি করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিজয়ের মাসে দল সাধারণত যে ধরনের কর্মসূচি পালন করে, এবারও তেমন কর্মসূচি থাকবে।’ আওয়ামী লীগকে সহায়তার অভিযোগে দলের ভেতরেও কঠোর বিএনপি বিএনপির সাংগঠনিক প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দলের ভেতরে শৃঙ্খলা নিশ্চিত করা। আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে আনতে থানা-পুলিশে তদবির এবং বিভিন্নভাবে সহায়তার অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে। দলীয় সূত্রে জানা যায়, অন্তত আটটি জেলা থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক পদ বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তৃণমূল পর্যায়ের নেতাদেরও সতর্ক করা হয়েছে। তবে সন্দেহের ভিত্তিতে কাউকে আটক, মারধর বা হয়রানি না করে সংশ্লিষ্ট তথ্য পুলিশ ও প্রশাসনকে জানানোর নির্দেশনা রয়েছে বলে দলীয় সূত্র জানায়। রাজপথে থাকার বার্তা বিএনপির রাজনৈতিক প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সক্রিয় রাখা। ১৮ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এলাকায় যাওয়ার নির্দেশ দেন তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন শেষ হওয়ায় সংসদ সদস্যদের এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন তিনি। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘দলীয় প্রধানের বার্তা ছিল স্পষ্ট-‘আমরা রাজপথে নেমেছি, রাজপথে আছি এবং রাজপথেই থাকব।’ তিনি বলেন, ‘ডিসেম্বরের কর্মসূচির জন্য অপেক্ষা না করে সংসদ সদস্যদের এখনই এলাকায় যেতে বলা হয়েছে। সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি আমাদের নেই। আমরা আমাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকব। তবে আমাদের সামনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে, আমরা তাদের আইনের কাছে সোপর্দ করব।’ জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহইয়া বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। গণঅভ্যুত্থানে পলাতক এই গোষ্ঠী বাংলাদেশকে আবারও একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সন্ত্রাসীদের রুখে দিতে নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে থাকব।’ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে যুবদল-ছাত্রদলের তৎপরতা রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের ঘটনায় যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের তৎপরতা আলোচনায় এসেছে। সম্প্রতি তার নেতৃত্বে একাধিক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনা ঘটেছে। গত ১৩ নভেম্বর রাতে শান্তিনগর থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন নয়ন ও তার অনুসারীরা। পরদিন আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজনকে আটকের দাবি করেন তিনি। এ ঘটনায় আটক ব্যক্তিদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ১৬ নভেম্বর দিবাগত রাতে কলাবাগান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন নয়ন ও তার অনুসারীরা। এর আগে ২৬ সেপ্টেম্বর গুলিস্তানের জিপিও মোড়ে জাসদের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কথিত বৈঠকের খবর পেয়ে কার্যালয়টি ঘিরে রাখেন নয়ন ও যুবদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটকের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া রুহুল কবির রিজভীর বাসভবনে নাশকতার চেষ্টার অভিযোগে ধানমন্ডি থেকে ছাত্রলীগের তিন নেতাকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশে হস্তান্তর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এসব ঘটনায় একদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে বিএনপির নেতাকর্মীদের তৎপরতা সামনে এসেছে, অন্যদিকে আটক ব্যক্তিদের মারধর ও আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগও উঠেছে। সরকারের অবস্থান শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন কেন্দ্র করে। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ই-মেইল পাঠানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে পাঠানো ওই চিঠিতে দেশে ফেরার উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীদের ভাষ্য, আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ফেরার তারিখ জানানো হবে। তবে নতুন পাসপোর্ট নিয়ে সাধারণ যাত্রীর মতো দেশে ফেরার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক নয়। সরকার বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে ফেরাতে চায়। ১০ নভেম্বর বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠক সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। ফলে দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কূটনৈতিক সমঝোতা ছাড়া কি ফিরতে পারবেন শেখ হাসিনা? শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তিনি কি নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস নিয়ে সাধারণ যাত্রীর মতো দেশে ফিরতে পারবেন, নাকি তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরতে হবে? সূত্রের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি শুধু ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হলেও এর সমাধানের পথে রয়েছে গুরুত্বপূর্ণ আইনি ও কূটনৈতিক জটিলতা। তিনি যাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেশ ছেড়েছেন, তাদের সঙ্গে সমঝোতা ছাড়া ফেরার পথ সহজ হবে না তিন পক্ষের প্রস্তুতি, শেষ পর্যন্ত কোন পথে যাবে রাজনীতি? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে সরকার, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রস্তুতিতে তিনটি আলাদা প্রবণতা স্পষ্ট হয়েছে। সরকার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করতে চাইছে। বিএনপি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করা, ডিসেম্বরজুড়ে নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন এবং সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সক্রিয় রাখার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, আওয়ামী লীগ অনলাইন প্রচার ও ঘোষিত কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ২০১৪-১৫ সালে বিএনপির আন্দোলনের সঙ্গে তুলনা করা যায়। সে সময় বিএনপি যে অবরোধ ডেকেছিল, তা ঘোষণা ছাড়াই শেষ করতে হয়। আওয়ামী লীগের এই কর্মসূচিও কিছু দিনের মধ্যে এমনিতেই নিঃশেষ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে আরেকটি গণঅভ্যুত্থান দরকার। সেই অভ্যুত্থান ঘটাতে হলে জনসম্পৃক্ততা প্রয়োজন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জনসম্পৃক্ততা নেই। তারা যে অপকর্মগুলো করেছে, মানুষ ভুলে যায়নি।’ মহিউদ্দিন খান মোহন আরও বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর ঐক্য গড়ে তোলা।’ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিএনপি আপাতত সংঘাত এড়িয়ে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে থাকার কৌশল নিয়েছে। সংসদ সদস্যদের এলাকায় সক্রিয় রাখা, অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি দেওয়া এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তার অভিযোগে দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও সেই প্রস্তুতির অংশ। তবে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়লে বিএনপির এই কৌশল কতটা কার্যকর থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আইনি ও কূটনৈতিকভাবে কোন দিকে এগোয়, তার ওপরও নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি। |