|
শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে
শ্রমিক-মালিকের সুসম্পর্ক ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষার আহ্বান: অ্যাডভোকেট আতিকুর রহমান
নতুন বার্তা, ঢাকা:
|
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সুরক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।তিনি বলেছেন, শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আদর্শিক ও কল্যাণমুখী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক স্বার্থে নয়, শ্রমিকের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠাই হতে হবে সংগঠনের মূল লক্ষ্য। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১৫০৫)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, পাহাড়সম সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ একটি সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সংগঠনটি একটি আদর্শিক ধারায় পরিচালিত হচ্ছে। সেই আদর্শ ধারণ করেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আমাদের দাওয়াত ও কল্যাণমূলক কার্যক্রম থেকে কোনো শ্রমিক বাদ যাবে না। আদর্শিক ভিত্তি শক্তিশালী হলে শ্রমিক সংগঠনগুলোও আরও শক্তিশালী হবে। অতীতের মতো নির্বাচন ইন্জিনিয়ারিং এর মাধ্যমে ইসলামী শ্রমিক শক্তিকে দমিয়ে রাখার সুযোগ থাকবে না। তিনি বলেন, দেশের অধিকাংশ শ্রমিক সংগঠন দলীয় কাঠামোতে পরিচালিত হলেও আমরা দলীয় বিবেচনায় নয়, আদর্শিক ভিত্তিতে কাজ করতে চাই। আমাদের নেতারা ব্যক্তিগত কোনো সুবিধা গ্রহণ করবেন না, নিঃস্বার্থভাবে শ্রমিকের পাশে দাঁড়াবেন। সরকারকে বেকায়দায় ফেলার রাজনীতি নয়, বরং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সুরক্ষা ও শিল্পের অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, একটি শ্রেণি শ্রমিকদের উসকানি দিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। অথচ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শ্রমিকদের কর্মসংস্থান কোথায় থাকবে? তাই শ্রমিকের অধিকার আদায়ের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। সব শ্রমিক সংগঠনের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আদর্শিক ভিন্নতা থাকলেও শ্রমিকের অধিকার ও জাতীয় প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এতেকরে শ্রমিকরা বুঝতে পারেন, কোন সংগঠন সত্যিকার অর্থে তাদের বিপদে পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থভাবে সেবা প্রদান করে। সংগঠনের নেতাকর্মীদের সহনশীলতা, সহমর্মিতা ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে। ২৪-পরবর্তী বাংলাদেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশের প্রসঙ্গ তুলে আতিকুর রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ থাকলে চলবে না; সব সেক্টরেই তা অব্যাহত রাখতে হবে। কোনো এলাকায় সরকারদলীয় সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে অন্য শ্রমিক সংগঠনকে উপেক্ষা করা যাবে না। প্রত্যেকটি ট্রেড ইউনিয়নের জন্য সমান ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি সংগঠনের নেতাদের শ্রমিকদের কাছে যাওয়ার, তাদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর এবং কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করে প্রতিষ্ঠানকে আরও উন্নত করার পরামর্শ দেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, আল্লাহর বিধান ও আদর্শের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। দীর্ঘদিন প্রতিকূল পরিবেশের কারণে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এখন কাজের পরিবেশ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকদের মধ্যে আদর্শিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম বলেন, ক্ষমতার কাছাকাছি থাকার আকাঙ্ক্ষায় অনেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চান। কিন্তু আমাদের মানসিকতা হতে হবে মানুষের কল্যাণে কাজ করার। শুধু সামাজিক কাজ নয়, ব্যক্তির নৈতিক ও আদর্শিক গঠনেও গুরুত্ব দিতে হবে। আমাদের কাছে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী মুখ্য বিষয় নয়; মানুষই আমাদের কাজের প্রধান বিবেচ্য। তিনি বলেন, গতানুগতিক ট্রেড ইউনিয়ন আন্দোলনে অনেক সময় শ্রমিকদের উত্তেজিত করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু আমরা একটি আদর্শিক সংগঠন হিসেবে কৌশল ও প্রজ্ঞার সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ করি, তাদের দক্ষতা বৃদ্ধি করি এবং সুসংগঠিত শক্তি গড়ে তুলে যৌক্তিক দরকষাকষির মাধ্যমে অধিকার আদায়ে কাজ করি। ট্রেড ইউনিয়নের কাজে আরও মনোযোগী হতে হবে। মহান আল্লাহ আমাদের এ কাজের জন্য বাছাই করেছেন। এ দায়িত্ব পালনে জান ও মালের সহযোগিতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বুলবুল কবীরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু। এ ছাড়া বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক এ বি হুমায়ুন কবীর, প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম, উপদেষ্টা নজরুল ইসলাম, মোজাম্মেল হোসেন ও মিজানুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা। |