|
বনানীর বাউন্ডারি বস্তিতে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান: এলাকাবাসীর স্বস্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
|
রাজধানীর বনানী থানার ২০ নম্বর ওয়ার্ডের 'বাউন্ডারি বস্তি' এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অসহনীয় ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। বনানী থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, তরুণ সমাজসেবক মো: মইনুল ইসলাম রনির ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় এই জনদুর্ভোগের অবসান ঘটে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস।স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই বাউন্ডারি বস্তি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় ডেঙ্গুসহ বিভিন্ন মারাত্মক রোগের ঝুঁকিতে ছিলেন বস্তিবাসী ও আশপাশের বাসিন্দারা। একাধিকবার সংশ্লিষ্ট মহলে জানিয়েও কোনো স্থায়ী সমাধান মিলছিল না। পরবর্তীতে স্থানীয়বাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন যুবদল নেতা মো: মইনুল ইসলাম রনি। নিজের উদ্যোগে শ্রমিক ও আধুনিক পাম্পের মাধ্যমে ড্রেন সংস্কার ও পরিষ্কারের ব্যবস্থা করে পানির স্বাভাবিক নিষ্কাশন নিশ্চিত করেন তিনি। এই মহৎ উদ্যোগের ফলে জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে গভীর স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ জনগণ। বাউন্ডারি বস্তির স্থানীয় বাসিন্দা রহিমা বেগম (৪৫) বলেন, "বৃষ্টির দিনে আমাদের ঘরে থাকা দায় হয়ে যেত। নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হতো। মইনুল ভাই আমাদের এই কষ্টের কথা শুনে নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কার ও ঠিক করে দিয়েছেন। আল্লাহ তার ভালো করুন।" আরেক স্থানীয় ব্যবসায়ী মো: আল-আমিন বলেন, "মইনুল ইসলাম রনি এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষের বিপদে সবসময় পাশে থাকেন। দীর্ঘদিনের এই ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান করে তিনি প্রমাণ করেছেন তিনি সত্যিকারের জনবান্ধব নেতা।" এলাকার প্রবীণ মুরুব্বি হাজি আব্দুল মতিন বলেন, "তরুণ সমাজসেবক হিসেবে মইনুল যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তার জন্য আমাদের আন্তরিক দোয়া ও সমর্থন সব সময় থাকবে।" এ বিষয়ে মো: মইনুল ইসলাম রনির সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, "জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ মানুষ যখন জলাবদ্ধতা ও দুর্গন্ধের মধ্যে কষ্ট পাচ্ছে, তখন বসে থাকার সুযোগ নেই। দলের নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই স্থায়ী সমাধান করতে পেরেছি। এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ২০ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।" |