|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শনিবার ও শুক্রবার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযানে ৮৫ বোতল ভারতীয় সিরাপ জব্দ করে। এ সময় অভিযানে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় ৫৩ বিজিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।আটক আসামী নূর ইসলাম (৪০) শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া এলাকার মুন্সীপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনস্ত মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সকাল সোয়া ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৫ হাজার ২ শত টাকার ৫৩ বোতল ভারতীয় নেশার সিরাপ উইনসেরেক্স জব্দ করে। এদিকে অপর এক অভিযানে একই বিওপির সদস্যরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযান পরিচালনা করে আসামী নূর ইসলামকে তার শরীরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৮ হাজার ৮ শত টাকার ২২ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাপসহ আটক করতে সক্ষম হয়। অধিনায়ক মোস্তাফিজুর রহমান আরো জানান, জব্দকৃত ভারতীয় নেশার সিরাপসহ আটককৃত আসামী নূর ইসলামকে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এছাড়া সীমান্তে সব ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান অধিনায়ক। |