|
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দরুন এলাকায় ওই ফিলিং স্টেশনের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সোরমান রেজা। তিনি সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। নিহতের ভাই হালিম রেজা জানান, ইউপি সদস্য পদ ছাড়ার পর তিনি ব্যবসা করতেন। কী কারণে তাকে হত্যা করা হলো তা পরিবারের কেউ বুঝতে পারছেন না। এ বিষয়ে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। |