|
দেশে দুর্নীতি স্বজনপ্রীতি বৈষম্য অন্যায় থাকবে না: এমপি খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা জানেন। একজন মন্ত্রী যদি ৫৯৭ টা বাড়ি কেনে, এদেশের অর্থনৈতিক অবস্থা কি দুরবস্থা, তারা করে গেছে, সে অবস্থার থেকে দাঁড়িয়ে আমাদের কাজ করা খুব কঠিন বিষয়। আমরা ওয়াদাবদ্ধ। আমরা যা আছে, এটা নিয়ে মানুষের সাথে সুষম বন্টনের মাধ্যমে আমাদের কাজগুলো করতে হচ্ছে। এটা হলো আমাদের নেতা তারেক রহমানের প্রতিশ্রুতি। ওনাকে কেন্দ্র করে আজকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। যেখানে কোন দুর্নীতি থাকবে না। সেখানে কোন স্বজনপ্রীতি থাকবে না, বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গরীব অসহায়দের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়। সদর উপজেলার ৯টি ইউনিয়নে ১৮৫ জনের মধ্যে চার লাখ টাকা বিতরণ করা হয়েছে। এসময় এমপি খায়ের ভূঁইয়া বলেন, আপনারা দেখেন গ্রামীন অবকাঠামোতে দুর্নীতি হয়েছে। সামান্য বৃষ্টি বাদলে বিদ্যুৎ গেছে, এটাতে আমাদের দেশের জনগণ অভ্যস্ত। একদিনের ঠেলায় যদি দুদিন বিদ্যুৎ না থাকে তাহলে অবস্থা কি বিদ্যুৎ সেক্টরের। যে সমস্ত লাইন তারা টাঙিয়েছে, সেগুলোতে প্রচন্ড দুর্নীতি হয়েছে। আবার লাইন নির্মাণ করতে হলে দুর্নীতির আশ্রয় নিতে হবে। এসব কিছু বাংলাদেশ থেকে আস্তে আস্তে উৎখাত করতে হবে। মূল উৎপাটন করতে হবে, দুর্নীতির আখড়া নষ্ট করতে হবে। দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন প্রমুখ। |