|
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
নতুন বার্তা, ঢাকা:
|
মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও তার অন্তরের সৌন্দর্য ও আত্মার পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মানুষের অন্তর পবিত্র হলে তার চিন্তা-চেতনা, কথা ও কাজে তার প্রভাব ফুটে ওঠে।অন্তরে আল্লাহভীতি থাকলে মানুষ পাপাচার থেকে দূরে থাকতে পারে, প্রবৃত্তির খারাপ চাহিদা দমন করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অবিচল থাকতে পারে। পক্ষান্তরে আত্মা কলুষিত হলে মানুষ ধীরে ধীরে পাপের প্রতি আকৃষ্ট হয়, অন্যায়কে তুচ্ছ মনে করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। তাই একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধি বা নফসের পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) নিজেও আত্মার পবিত্রতা ও তাকওয়া লাভের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতেন। দোয়াটি হলো, اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا উচ্চারণ : আল্লাহুম্মা আ-তি নাফসি তাক্বওয়াহা, ওয়া যাক্কিহা, আংতা খাইরু মান যাক্কাহা, আংতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। অর্থ : হে আল্লাহ! আমার নফসকে তার তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনিই সর্বোত্তম পবিত্রকারী। আপনিই এর অভিভাবক ও মালিক। (সহিহ মুসলিম, হাদিস : ২৭২২) আল্লাহ তাআলা আমাদের সবার আত্মাকে পবিত্র করুন, অন্তরে তাকওয়া দান করুন এবং যাবতীয় পাপাচার থেকে হেফাজত করুন। আমিন। |