|
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
নতুন বার্তা, ঢাকা:
|
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না করে শুধু নিজের লোক বলে কারো পক্ষ নেওয়া বা অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করাই হলো আসাবিয়্যাত।জাহেলি যুগে আরব সমাজে এই প্রথাটি চরম আকারে ছিল, যা দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের কারণ হতো। জাহেলি যুগের এই স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, দলপ্রীতি ও সংগঠনপ্রীতির রোগ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। সমাজের ভিত্তি দুর্বল করা এবং জাতীয় ঐক্য বিনষ্ট করার অন্যতম কারণ হলো এ ধরনের জাহেলি মানসিকতা। এ ধরনের মানসিকতা সামষ্টিক কল্যাণের পরিবর্তে গোত্রীয় স্বার্থকে প্রাধান্য দেয়। কখনো জাতীয় স্বার্থের চেয়ে আঞ্চলিক সংকীর্ণতাকে অগ্রাধিকার দিতে বাধ্য করে। অথচ ইসলাম এ বিভেদ ও বিভাজনকে কঠোরভাবে নিন্দা করেছে। পবিত্র কোরআনে একে ‘জাহেলি অহমিকা’ হিসেবে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, যখন কাফিররা তাদের অন্তরে জাহেলি অহমিকা পোষণ করেছিল, তখন আল্লাহ তাঁর রাসুল ও মুমিনদের ওপর প্রশান্তি নাজিল করলেন। ’ (সুরা আল-ফাতহ, আয়াত : ২৬) শয়তানের অন্যতম কৌশল হলো মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা, গোত্রীয় বিদ্বেষ উসকে দেওয়া এবং পারস্পরিক শত্রুতা ও হিংসা ছড়িয়ে দেওয়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে যে আরব উপদ্বীপে নামাজ আদায়কারীরা তার ইবাদত করবে। তবে তাদের পরস্পরের মধ্যে বিবাদ ও শত্রুতা সৃষ্টি করার ব্যাপারে সে আশাবাদী।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৮১২) গোত্রীয় পরিচয় ও বংশমর্যাদা নিয়ে অহংকার মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, সামাজিক পরিবেশ কলুষিত করে এবং ঐক্যবদ্ধ সমাজকে বিভক্ত করে। তাই নিজের কথা, কাজ, কবিতা, সাহিত্য কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কেউ যদি গোত্রীয় বিদ্বেষ উসকে দেয়, বংশমর্যাদা নিয়ে অহংকার ছড়ায় অথবা অন্যের বংশপরিচয় নিয়ে কটাক্ষ করে, তবে সে জাহেলি মানসিকতারই পরিচয় দেয়। এ ধরনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তির ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শোকে নিজের গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের আহবান জানায়, সে আমাদের আদর্শের অনুসারী নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ১২৯৪; সহিহ মুসলিম, হাদিস : ১০৩) এ হাদিসে শোকের সময় জাহেলি আচরণের পাশাপাশি জাহেলি যুগের আহবান জানানো থেকেও সতর্ক করা হয়েছে। গোত্রীয় অহংকার ও পক্ষপাতও সেই জাহেলি মানসিকতার অন্তর্ভুক্ত। একবার আবু যর গিফারি (রা.) বিলাল (রা.)-কে তাঁর মায়ের পরিচয় উল্লেখ করে তিরস্কার করেছিলেন। বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর কানে পৌঁছলে তিনি আবু যর (রা.)-কে বলেন, ‘তুমি কি তাকে তার মায়ের পরিচয় দিয়ে অপমান করেছ? নিশ্চয়ই তোমার মধ্যে এখনো জাহেলি যুগের স্বভাব রয়ে গেছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩০) অর্থাৎ বংশপরিচয় বা পারিবারিক পরিচয়কে কেন্দ্র করে কাউকে হেয় করা জাহেলি যুগের নিন্দনীয় বৈশিষ্ট্য। একজন সাহাবির মতো মর্যাদাবান ব্যক্তির মধ্যেও এ ধরনের আচরণের সামান্য প্রকাশ ঘটলে রাসুলুল্লাহ (সা.) তা সংশোধন করে দিয়েছেন। একটু ভেবে দেখা দরকার—যে ব্যক্তি ইসলামের ভ্রাতৃত্ব ও উম্মাহর ঐক্যের বন্ধন বিসর্জন দিয়ে অন্ধ গোত্রীয় সংকীর্ণতাকে আঁকড়ে ধরে, সে কি পবিত্র কোরআনের সেই আহবান শোনেনি, যেখানে মানুষের মর্যাদার প্রকৃত মানদণ্ড সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাধিক মর্যাদাবান, যে সর্বাধিক তাকওয়াবান।’ (সুরা আল-হুজুরাত, আয়াত : ১৩) এ আয়াত থেকে স্পষ্ট হয়, জাতি ও গোত্রের বৈচিত্র্য অহংকার কিংবা শ্রেষ্ঠত্বের দাবি প্রতিষ্ঠার জন্য নয়; বরং পারস্পরিক পরিচিতি ও সামাজিক সম্পর্কের মাধ্যম হিসেবে। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি বংশ, বর্ণ কিংবা গোত্র নয়; বরং তাকওয়া। মানুষের মধ্যে বংশ, বর্ণ ও জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা প্রত্যাখ্যান করে রাসুলুল্লাহ (সা.) তাকওয়াকে মর্যাদার মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আবু নাদরা (রহ.) বর্ণনা করেন, তিনি এমন এক ব্যক্তির কাছ থেকে শুনেছেন, যিনি আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে রাসুলুল্লাহ (সা.)-এর ভাষণ শুনেছিলেন। তিনি বলেন, ‘হে মানুষ! জেনে রেখো, তোমাদের রব একজন এবং তোমাদের আদি পিতাও একজন। কোনো আরবের ওপর অনারবের কিংবা কোনো অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি কোনো শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কিংবা কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই; শ্রেষ্ঠত্বের ভিত্তি কেবল তাকওয়া। আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবিরা বলেন, হ্যাঁ, আল্লাহর রাসুল, আপনি বার্তা পৌঁছে দিয়েছেন।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৪৮৯; তাহকিক : শুআইব আল-আরনাউত) যে ব্যক্তি বংশ, গোত্র কিংবা জাতিগত পরিচয় নিয়ে অহংকার করে, জাতীয় স্বার্থের বাইরে নিজের অঞ্চলের স্বার্থ প্রাধান্য দেয়, সে কি রাসুলুল্লাহ (সা.)-এর এই বাণী শোনেনি? নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ওহি পাঠিয়েছেন যে তোমরা বিনয় অবলম্বন করো; যেন কেউ কারো ওপর অহংকার না করে এবং কেউ কারো প্রতি জুলুম না করে। (মুসলিম, হাদিস : ২৮৬৫) আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার আমল তাকে পিছিয়ে রাখে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারে না।’ (মুসলিম, হাদিস : ২৬৯৯) সুতরাং ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার ঈমান, তাকওয়া ও সৎকর্মের ভিত্তিতে; বংশ, গোত্র, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নয়। জাতি ও গোত্রের পরিচয় পারস্পরিক পরিচিতি ও সামাজিক সম্পর্কের মাধ্যম—অহংকার, বিদ্বেষ কিংবা বিভেদের উপকরণ নয়। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো সব ধরনের জাহেলি সংকীর্ণতা পরিহার করে ইসলামের ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, বিনয় ও ঐক্যের আদর্শ ধারণ করা। |