|
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
নতুন বার্তা, ঢাকা:
|
একসময় এশিয়ার বিভিন্ন দেশে টিকা রপ্তানি করত জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। গুটিবসন্ত, কলেরা, টাইফয়েড, জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারসহ ছয় ধরনের টিকা উৎপাদনের সক্ষমতা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু সময়ের সঙ্গে একে একে বন্ধ হয়ে যায় সব ধরনের টিকা উৎপাদন। বর্তমানে টিকা তৈরির অবকাঠামো নেই, নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতি, নেই প্রয়োজনীয় দক্ষ জনবলও। একসময় যে প্রতিষ্ঠান টিকা উৎপাদনে স্বনির্ভরতার পরিচয় দিয়েছিল, এখন সেখানে উৎপাদনের কোনো সক্ষমতাই অবশিষ্ট নেই।এ অবস্থায় দেড় দশক পর আবারও টিকা উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। তবে, উৎপাদনে ফিরতে হলে নতুন করে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, দক্ষ জনবল নিয়োগ এবং উৎপাদনসংক্রান্ত অনুমোদন নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা, অদূরদর্শিতা, অনিয়ম ও দক্ষ জনবলের অভাবে সরকারি এই প্রতিষ্ঠানের টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের মতে, দেশের ওষুধশিল্পের সক্ষমতা বিবেচনায় টিকা উৎপাদনে ফেরার সুযোগ রয়েছে। তবে, এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল। ছয় ধরনের টিকা উৎপাদন করত আইপিএইচ ১৯৭৫ সালে প্রকাশিত সরকারের ঢাকা জেলা গেজেটিয়ার অনুযায়ী, ১৯৫৪ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির দুটি শাখায় টিকা উৎপাদন করা হতো। একটি শাখায় কলেরা ও টাইফয়েডের টিকা এবং অন্য শাখায় গুটিবসন্ত ও জলাতঙ্কের টিকা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে প্রতিষ্ঠানটিতে গুটিবসন্তের টিকা উৎপাদন শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শে ১৯৭৮ সালে এ টিকার উৎপাদন বন্ধ করা হয়। এর দুই বছর পর ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব থেকে গুটিবসন্ত নির্মূলের ঘোষণা দেয়। রোগটির সর্বশেষ প্রাকৃতিক সংক্রমণের ঘটনা ঘটেছিল ১৯৭৭ সালে সোমালিয়ায়। ১৯৫৮ সালেই কলেরা, টাইফয়েড ও প্যারাটাইফয়েড এবং কলেরা-টাইফয়েডের সমন্বিত টিকা উৎপাদন শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে ১৯৯৭ সালে এসব টিকার উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটি। বিশ্বে টিকা উৎপাদনে নতুন প্রযুক্তি চালু হওয়ায় পুরোনো প্রযুক্তি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল। ১৯৭৮ সালে ধনুষ্টঙ্কারের টিকা উৎপাদন শুরু হয়ে ২০০৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল। ১৯৭৮ সালে ডিপথেরিয়ার টিকা উৎপাদন শুরু হলেও সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) চাহিদা না থাকায় ১৯৮৭ সালে তা বন্ধ করে দেওয়া হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে জলাতঙ্কের টিকা উৎপাদন শুরু হয় এবং এ উৎপাদন চলে ২০১১ সাল পর্যন্ত। এরপর থেকে আইপিএইচ-এর টিকা উৎপাদন বন্ধ রয়েছে। একসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত টিকা এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হতো। কিন্তু ধীরে ধীরে সব ধরনের টিকা উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে ইপিআইসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যবহারের জন্য বিদেশ থেকে টিকা আমদানি করতে হয়। অবকাঠামো ও যন্ত্রপাতির অস্তিত্ব নেই সরেজমিনে দেখা যায়, টিকা উৎপাদন বন্ধ হওয়ার পর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভবনটিতে বর্তমানে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং যন্ত্রপাতির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ ২০২১ সালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে টিকা উৎপাদনের সক্ষমতা হারানোর বিষয়টি তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়, টিকা উৎপাদনের জন্য প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উপযুক্ত অবস্থায় নেই এবং কিছু অবকাঠামো অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় টিকা তৈরির যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। আবার কিছু যন্ত্রপাতি আধুনিক প্রযুক্তিতে টিকা উৎপাদনের উপযোগী নয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আগে যেখানে টিকা উৎপাদন করা হতো, বর্তমানে সেখানে উৎপাদনের মতো কোনো অবস্থা নেই। নতুন করে উৎপাদনে যেতে হলে ভবন নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। আগে টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিজ্ঞ কর্মীরাও এখন আর প্রতিষ্ঠানে নেই। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, প্রতিষ্ঠানটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় এশিয়ার অন্যতম সমৃদ্ধ দুটি প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও নিপসম। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের টিকা উৎপাদনকেন্দ্রও ছিল অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু ধীরে ধীরে সেটি অকার্যকর হয়ে পড়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিবেশী দেশের টিকা উৎপাদনকেন্দ্রগুলো। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নেওয়া হলে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব ছিল। সরকার নতুন করে পরিকল্পিতভাবে এর কার্যক্রম শুরু করে দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেটিই আমাদের প্রত্যাশা। বর্তমানে দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরি হয়েছে। সরকারকে এখন শুধু এই জনবল ও সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। দুই বছরের মধ্যে উৎপাদনে ফেরার পরিকল্পনা টিকা উৎপাদন বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর আবারও উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, ‘টিকা উৎপাদন পুনরায় শুরু করতে হলে পুরো উৎপাদন অবকাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। কারণ, আগের সেটআপ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ তবে, নিজেদের জমি থাকাকে বড় সুবিধা হিসেবে দেখছেন তিনি। এই কর্মকর্তার ভাষ্য, ‘টিকা উৎপাদনের জন্য ভবন নির্মাণে নতুন করে জমি সংগ্রহ বা জমির উপযোগিতা যাচাইয়ের প্রয়োজন হবে না। সেখানে আগে থেকেই তিনতলা ভবন ও প্রয়োজনীয় কিছু অবকাঠামো রয়েছে।’ ডা. শাফী বলেন, ‘বিগত সরকার ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের জন্য গোপালগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জায়গায় জমি খুঁজতে দীর্ঘ সময় ব্যয় করেছে। কিন্তু জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিজস্ব জমি থাকায় সেই সময় বাঁচবে। এখন ভবন নির্মাণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) নির্দেশনা পূরণ করে লাইসেন্স ফিরে পাওয়ার উদ্যোগ নিতে হবে। নির্ধারিত শর্ত পূরণ হলে উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি পাওয়া সম্ভব হবে।’ টিকা উৎপাদনে দুটি পদ্ধতি নিয়ে একসঙ্গে কাজ করার পরিকল্পনার কথাও জানান ডা. শাফী। প্রথম পদ্ধতিতে নিজস্ব প্রযুক্তিতে টিকার বীজ তৈরি করে উৎপাদন করা হবে, যা দীর্ঘমেয়াদি গবেষণানির্ভর প্রক্রিয়া। দ্বিতীয় পদ্ধতিতে বিদেশ থেকে টিকার প্রয়োজনীয় উপাদান এনে দেশে প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হবে। তুলনামূলক দ্রুত উৎপাদনে যাওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতিটিও বিবেচনায় রয়েছে। ডা. শাফী বলেন, আগামী দুই বছরের মধ্যে প্ল্যান্ট প্রস্তুত করে সরকারকে টিকা সরবরাহের সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে টিকা প্রায় ৫০০ টাকায় সরবরাহ করছে, জনস্বাস্থ্য ইনস্টিটিউট সেটি সরকারকে ২২০ থেকে ২৩০ টাকায় সরবরাহ করতে পারবে বলে আশা করছি। |