|
ভোগান্তিতে সেবাগ্রহীতারা
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত অফিসে উপস্থিতির কারণে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।জানা যায়, গত জুলাই মাসে কালিহাতি উপজেলায় যোগদানের পর থেকেই পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। উল্লেখ্য যে, সম্প্রতি শারদীয় দুর্গাপূজায় চাল বিতরণে অসহযোগিতা করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় ও একই দিনে ঘাটাইল পিআইও অফিসের অফিস সহকারীকে শারীরিকভাবে লাঞ্চনার ঘটনাও ঘটে। এবার তাঁর বিরুদ্ধে যুক্ত হয়েছে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ। গত সপ্তাহে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, ওই সপ্তাহে তিনি শুধু মঙ্গলবার অফিসে উপস্থিত ছিলেন। বাকি দিনগুলোতে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগের সপ্তাহেও তিন দিন লিখিত ছুটিতে থাকার পর অন্য দিনে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসেও তাঁকে অফিসে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। এ বিষয়ে টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান জানান, পিআইও মোঃ তরিকুল ইসলাম লিখিত কোনো ছুটি গ্রহণ করেননি। তাঁর কর্মস্থলে অনুপস্থিতির বিষয়েও তাঁরা অবগত নন বলে জানান। অফিসিয়াল ভাবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে কর্মস্থলে পাওয়া যায়নি। তাঁর সরকারি মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সেবাগ্রহীতাদের অভিযোগ, একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ, সরকারি সহায়তা ও অন্যান্য দাপ্তরিক সেবা পেতে তাঁদের বিলম্ব ও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে সরকারি সেবা প্রত্যাশী সাধারণ মানুষের ভোগান্তি দিনদিন বাড়ছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে কালিহাতি উপজেলার সরকারি সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। কালিহাতিবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন সরকারি সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। |