|
পাবনায় বিএনপি আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নতুন বার্তা, পাবনা:
|
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দুইদিনের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দু’পক্ষের সমর্থকদের অন্তত ৫ থেকে ৭টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।শনিবার সকাল থেকে বেড়া পৌর এলাকার স্যানালপাড়া, বৃশালিখা, পায়না, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য মহল্লাতেও। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের সমর্থকদের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনার জের ধরে গত দুইদিন ধরে এলাকায় উত্তেজনা ও সংঘাত চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা সভায় উপস্থিত ছিলেন। আরটিভি’র বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিএনপি সমর্থিত উত্তেজিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়। অন্যদিকে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিকাল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে নিষিদ্ধ ঘোষিত দলের প্রকাশ্য কর্মসূচি, অন্যদিকে রাজনৈতিক বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগ—সব মিলিয়ে বেড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। |