|
কালাইয়ে কৃষককে পিটিয়ে ধান লুট, ইউপি সদস্য আটক
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট ও ১০ মণ ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম তানজির আহমেদ সাকিব (৪০)। তিনি দুধাইল গ্রামের বাসিন্দা।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার এলাকায় নিজের জমি থেকে দিনমজুর দিয়ে আমন ধান কাটছিলেন তানজির আহমেদ সাকিব। এ সময় পূর্বশত্রুতার জেরে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী সরকার ওরফে কিডনি নূরনবী’র নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি জমিতে গিয়ে ধান কাটায় বাধা দেন এবং গালিগালাজ শুরু করেন। গালিগালাজে নিষেধ করলে নূরনবী তাকে হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ। একপর্যায়ে রেজাউল ইসলাম লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে তানজির ডান হাত দিয়ে তা ঠেকান। এতে ডান হাতে জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আপেল মাহমুদ মিন্টু, সাইফুল ইসলাম ও কনক তাকে লাথি ও ঘুষি মারেন। হামলাকারীরা প্রায় ১০ মণ ধান নষ্ট করে এবং ২০ মণ ধান লুট করে নিয়ে যান, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় নূরনবী ও রেজাউল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জমিজমা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা যায়। পরিস্থিতি শান্ত করে আপস-মীমাংসার চেষ্টা করা হলে স্থানীয় মেম্বার নূরনবী তাতে বাধা সৃষ্টি করেন। এ কারণে ওসির নির্দেশে তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য, বহুল আলোচিত কিডনি পাচার চক্রের হোতা ও উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার ওরফে কিডনি নুরনবী। হত্যাচেষ্টা, মানবপাচার এবং অস্ত্রসহ একাধিক গুরুতর মামলার এই আসামি এখন খোদ পুলিশ কর্মকর্তাদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। |