|
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
নতুন বার্তা, ঢাকা:
|
কৃষি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি শেখানোর নামে ৫৮৫ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৬৬ কোটি ৮৮ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে।তবে এসব কর্মকর্তা কোন বিষয়ে, কোন দেশে এবং কোন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবেন, তার সুনির্দিষ্ট বিবরণ প্রকল্প প্রস্তাবে নেই। এ ছাড়া প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণার্থী নির্বাচনের পদ্ধতি ও প্রশিক্ষণ মডিউলও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে এ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নেওয়া দুই হাজার ২৪৭ কোটি ৭৫ লাখ টাকার ‘স্ট্রেংদেনিং অ্যাগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। বৈদেশিক প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় প্রশিক্ষণ, পরামর্শক নিয়োগ, ভবন নির্মাণ, অফিস ভাড়া ও যানবাহন ব্যবহারের ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মূল লক্ষ্য বাকৃবিকে জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, গবেষণাগার, শিক্ষাক্রমের আধুনিকায়ন এবং কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানো হবে। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে এক হাজার ৯৪৭ কোটি ৭৫ লাখ টাকা বিদেশি ঋণ হিসেবে নেওয়ার প্রস্তাব রয়েছে, যা মোট ব্যয়ের ৮৬.৬৫ শতাংশ। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ এক হাজার ২৯৩ কোটি ১৮ লাখ টাকা এবং কোরিয়া এক্সিম ব্যাংকের (ইডিসিএফ) ঋণ ৬৫৪ কোটি ৫৭ লাখ টাকা। সরকার দেবে ৩০০ কোটি টাকা। প্রকল্পের আওতায় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি গবেষণা, জলবায়ু-স্মার্ট কৃষি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে বৈদেশিক প্রশিক্ষণের জন্য ৫৮৫ জনের বিপরীতে ৬৬ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হলেও প্রশিক্ষণের বিষয়বস্তু ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কমিশন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণার্থী নির্বাচনের পদ্ধতি এবং প্রশিক্ষণ পরিচালনার মডিউল ডিপিপিতে সংযুক্ত করার কথা বলেছে। বৈদেশিক প্রশিক্ষণের ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা অনুসরণেরও সুপারিশ করা হয়েছে। ভবন নির্মাণেই ৭৫৮ কোটি টাকা : প্রকল্পের বড় ব্যয়ের একটি অংশ রাখা হয়েছে ভবন নির্মাণে। দুটি অনাবাসিক ভবন নির্মাণে ৭৫৭ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ভবন দুটির মোট আয়তন ৬৫ হাজার ২৩৯ বর্গমিটার, যা প্রকল্পের মোট ব্যয়ের ৩৩.৭৯ শতাংশ। এত বড় অঙ্কের নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে পিইসি সভায় আলোচনার কথা বলেছে কমিশন। প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ‘বাংলাদেশ ইনস্ট্রুমেন্টেশন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ (বিআইসিএআর)’। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, আধুনিক কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে কেন্দ্রটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই গবেষণাকেন্দ্রের স্থাপত্য নকশাসহ বিস্তারিত নকশা ও নির্মাণকাজের বিবরণ ডিপিপিতে সংযুক্ত করা হয়নি বলে কার্যপত্রে উল্লেখ করেছে কমিশন। এতে সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ এবং বিস্তারিত ব্যয় প্রাক্কলনও যথাযথভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ভবন থাকা সত্ত্বেও প্রকল্পের আওতায় অফিস ভাড়া বাবদ দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কমিশন এ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে। পরামর্শক খাতে ১৪৪ কোটি টাকা : প্রকল্পে পরামর্শক নিয়োগের জন্য ১৪৩ কোটি ৯১ লাখ ৯ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বিপুল ব্যয়ের ভিত্তি ও যৌক্তিকতা স্পষ্ট করার পাশাপাশি পরামর্শকদের কাজের পরিধি এবং নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিতে বলেছে কমিশন। এ ছাড়া সাবস্ক্রিপশন খাতে ৫৪ কোটি ৩২ লাখ ২১ হাজার টাকা; সেমিনার, সম্মেলন ও কর্মশালায় ১৯ কোটি ৫০ লাখ টাকা, স্টাডিজ খাতে ১৭ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প অনুদান খাতে ১৬৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এসব খাতের ব্যয় প্রাক্কলনের যৌক্তিকতা কারিগরি কমিটির সুপারিশের আলোকে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে কমিশন। স্থানীয় প্রশিক্ষণে ১৪৭ জনের জন্য ৯ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ মিলিয়ে ৭৩২ জনের জন্য মোট ৭৬ কোটি ৪১ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও ব্যয়ের যথার্থতাও স্পষ্ট করার ওপর জোর দিয়েছে কমিশন। গাড়ি ভাড়ায় এক কোটি ৮০ লাখ টাকা : প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক দুটি যানবাহন ব্যবহারের জন্য এক কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কিন্তু অর্থ বিভাগের জনবল কমিটির সুপারিশে কোনো চুক্তিভিত্তিক যানবাহনের কথা নেই। অর্থ বিভাগের পূর্বানুমোদন ছাড়া এ খাতে বরাদ্দের সুযোগ নেই বলে কার্যপত্রে উল্লেখ করেছে কমিশন। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৮ জুলাই জারি করা অর্থ বিভাগের পরিপত্র অনুসরণের কথা বলা হয়েছে। পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রকল্পটি কৃষি উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পের বিভিন্ন খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, সেগুলোর যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিশ্চিত হওয়া দরকার। |