|
জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।নিহত কিশোর রাব্বি (১৭) বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্ষেতলালের নশিরপুর এলাকার হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, নশিরপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |