|
ক্রয়াদেশ কমাচ্ছেন বিদেশি ক্রেতারা
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
ঝুঁকিতে রপ্তানি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি
নতুন বার্তা, ঢাকা:
|
তৈরি পোশাক শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে।একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা তৈরি হচ্ছে। এতে রপ্তানি আয়, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক গ্রহণযোগ্যতা ঝুঁকির মুখে পড়তে পারে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব উদ্বেগের কথা জানান। লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ'র সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত এবং কারখানার মালিকদের জন্য বহনযোগ্য—এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তবে মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, চলমান অস্থিরতা শুধু উৎপাদন ব্যাহত করছে না, রপ্তানির জন্য প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব ঘটাচ্ছে। আবদুল হামিদ বলেন, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব না হলে বিকল্প হিসেবে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে। এতে পরিবহন ব্যয় অনেক বেড়ে যাবে। পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপও আসতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি। কারণ, তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজারে ক্রেতারা পণ্যের দাম ও মানের পাশাপাশি নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করার সক্ষমতাকেও গুরুত্ব দেন। বিজিবিএ'র সভাপতি দাবি করেন, চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো তাদের পূর্ণ সক্ষমতা অনুযায়ী উৎপাদন চালাতে পারবে না। কোনো কোনো কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করতেও বাধ্য হতে পারে। এতে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিজিবিএ নেতাদের মতে, পোশাকশিল্পের সংকট শুধু কারখানার উৎপাদন ও রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, বন্দর, শিপিং ও অন্যান্য সেবা খাতের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। ফলে কারখানার উৎপাদন ব্যাহত হলে পুরো সরবরাহব্যবস্থায় এর প্রভাব পড়ে। ক্ষতির চাপ ছড়িয়ে পড়ে সামগ্রিক অর্থনীতিতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা—দুটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সমাধানের পথে এগোতে হবে। শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর আলোচনা এবং দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্তের মাধ্যমে অস্থিরতা নিরসন করা জরুরি। কারণ আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম শক্তি হলো প্রতিযোগিতামূলক দামে বড় পরিসরে পণ্য উৎপাদন এবং সময়মতো সরবরাহ। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে এ দুই ক্ষেত্রেই চাপ তৈরি হতে পারে। |