|
ছেলেকে ফিরে পেতে ৫ লাখ টাকা দিয়েও সন্ধান পাননি বাবা, আরও ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সাইফুল (৩৯)। সেখানে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন তিনি। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা দেন তার ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ। কিন্তু টাকা পেয়েও ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেয়নি চক্রটি। পরে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেফতার ব্যক্তিরা হলেন– নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাইফুল প্রায় দুই বছর আগে স্থানীয় দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে পাড়ি জমালেও সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন তিনি। ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি মুঠোফোন নম্বর থেকে সাইফুলের স্ত্রীর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, সাইফুলকে আটকে রাখা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্ধেক টাকা না দেওয়া পর্যন্ত সাইফুলের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতে দেওয়া হবে না বলে জানায় অপহরণকারীরা। ছেলের জীবন বাঁচাতে পরিবারের সদস্যরা বিভিন্নভাবে টাকা জোগাড়ের চেষ্টা করেন। ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কয়েক দফায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক মুঠোফোন নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান তারা। পরিবারের আশা ছিল, টাকা দেওয়ার পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। এরপর সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে। প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবেন। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর কিছুদিন পর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোনে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুজনের কাছে সাইফুল আটক রয়েছেন। তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মুঠোফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। একদিকে ছেলের জীবন নিয়ে উদ্বেগ, অন্যদিকে একের পর এক টাকার দাবি—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন ৭০ বছর বয়সী আব্দুস সামাদ। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর মুঠোফোনে আর কোনো ফোন আসেনি। ছেলের সন্ধান না পেয়ে আব্দুস সামাদ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডির মানব পাচারবিষয়ক শাখা। সিআইডি জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সাইফুলকে লিবিয়ায় কোথায় আটকে রাখা হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সিআইডি জানিয়েছে, সাইফুলকে উদ্ধার এবং দেশি-বিদেশি মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়ার আগে ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। |