|
চাঁপাইনবাবগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে গ্রেফতারের হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক পল্লী চিকিৎসক৷ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালাপাড়া মোড়স্থ একটি বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার ও সুষ্ঠ তদন্তের দাবি করেন, রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার পল্লী চিকিৎসক ফিরোজ কবীর। সংবাদ সম্মেলনে পল্লী চিকিৎসক ফিরোজ কবীর বলেন, গত ২০ সেপ্টেম্বর রবিবার রামচন্দ্রপুরহাট এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা ফার্মেসীতে একাধিক হত্যা ও মাদক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী সাংবাদিক এস এম রুবেলসহ একদল চাঁদাবাজ হঠাৎ এসে ছবি তুলতে শুরু করে। এ সময় তারা জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম ব্যবহার করে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাকে গ্রেফতার করা হবে বলে জানায়। আর গ্রেফতার এড়াতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। পরবর্তীতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নাম, ছবি ও ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নানারকম ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে মানহানি করছে তারা। তিনি আরো বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আমি এই এলাকায় সুনামের সাথে ফার্মসী ব্যবসা পরিচালনার পাশাপাশি বিপদে-আপদে অল্প পরিসরে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবাও দিয়ে থাকি। পরিপ্রেক্ষিতে তারা আমাকে ডাক্তার বাবু, ডাক্তার ভাই, ডাক্তার কাকা সম্বোধন করে থাকে। ফিরোজ কবির আরো বলেন, আমি স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এ ঘটনার বিচার দাবি করছি। পাশাপাশি মানহানি ও ভয়ভীতির ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পল্লী চিকিৎসক ফিরোজ কবীর। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা ওলামাদলের আহ্বায়ক দুরুল হোদা, ইউপি সদস্য আসাদুজ্জামান ডলার উপস্থিত ছিলেন। |