|
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রনিধিতিঃ
|
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দেবীগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন। নিহত হাছিনা বেগম চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্থানীয় বালাপাড়া বাজারে একটি কনফেকশনারী দোকানের পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে এসে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেপাই (ফাঁদ) আনতে যান স্থানীয় কয়েকজন। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। এলাকাবাসীর বরাতে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মানুষ তাদের মাছ ধরার টেপাই (ভোলং) উঠাতে এসে দেখতে পান ঐ নারীর মরদেহ পড়ে আছে। তাদের ডাকাডাকি শুনে এলাকাবাসী জড়ো হয়। পরে তিনি দেবীগঞ্জ থানায় খবর দেন। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |