|
কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে
নতুন বার্তা, ঢাকা:
|
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শ্যুটার মো. চঞ্চল মোল্যাকে রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিন আসামি চঞ্চল মোল্যাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভুঁইয়া। পরে শুনানি শেষে বিচারক আমিনুল ইসলাম জুনাইদ তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে ইউসফসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের মাথার ডান পাশে এবং অপরজনের বাম পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওইদিন গোলাগুলির ঘটনার পর অস্ত্রধারী চঞ্চল মোল্যাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ওই সময় পুলিশ তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি জব্দ করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে হামলায় অংশ নেয়া জিহাদ মোল্লা, মো. জিয়ারুল ও হাসানসহ অজ্ঞাতদের নাম প্রকাশ করেন চঞ্চল মোল্যা। এ ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এদিকে যুবদল কর্মী ইউসুফ আলীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার সকালে কাফরুল থানায় এ মামলা করা হয়। |