|
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকা থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশী অস্ত্রসহ রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ডিবি রমনা ডিসি। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিটনের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন রনিসহ চারজনের নাম উল্লেখ করে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা (শিডিউল) কেনার কথাও জানান। এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে। এই ইজারা নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাজাহান ও রনি ওরফে ভাঙ্গারি রনি সহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। এজাহারে বলা হয়, মোটরসাইকেলে করে আসা দুইজন অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও ৫ থেকে ৭ জনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিতে তার ডান কানের উপরের অংশ, বাম ভ্রুর উপরের কপাল, পিঠের বাম পাশের নিচে ও ডান পাশের ওপরের অংশ, বাম হাতের কনুইয়ের উপরের সামনের দিক ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুরুতর আঘাত লাগে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। |