|
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ৭ শত দু:স্থ, হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষ এবং শিশুদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ প্রদান করে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।এ সময় রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেডিকেল অফিসার মেজর আরুফা মৌসুমী জানান, সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধা বঞ্চিত মানুষ স্বাভাবিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রাপ্ত থেকে বঞ্চিত থাকেন। আর তাই তাদের কথা বিবেচনা করেই ৫৩ বিজিবি ব্যাটালিয়ন পদ্মা নদী পেরিয়ে সীমান্তবর্তী দূর্গম চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণের সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি তাদের জন্য যথাসম্ভব প্রয়োজনীয় ঔষধ সরবরাহের চেষ্টা করা হয়েছে মেডিকেল ক্যাম্পে। এছাড়াও মেডিকেল ক্যাম্পেইনে ভেটেরিনারী ডাক্তারের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭ শত জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ করাসহ ২ শত গবাদি পশুর চিকিৎসা সেবাও প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য, সীমান্তবর্তী জনগণের চিকিৎসা সেবার এই ক্যাম্পেইনে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র ২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারী ডাক্তারসহ মোট ৭ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল স্বাস্থ্যসেবা প্রদাণ করেন। দিনব্যাপি অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য পদবীধারী বিজিবি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |