|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার দুপুরে স্থলবন্দর এলাকায় অবস্থিত এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করে ৫৯ বিজিবি। সোমবার (২৯ জুন) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।এ বিষয়ের সত্যতা স্বীকার করে অধিনায়ক বলেন, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ আইসিপি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৮-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসে রবিবার দুপুর সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে। এ সময় কুরিয়ার সার্ভিসে বুকিংকৃত সন্দেহজনক একটি কাটুন থেকে ফেনসিডিলের বিকল্প ৪৬ বোতল নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এই অভিযানে কাওকে আটক করা না হলেও জব্দকৃত মাদক শিবগঞ্জ থানায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমা করা হয়েছে। অধিনায়ক আরো জানান, বিজিবি দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে অভিযান অব্যাহত রয়েছে। |