|
আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন
নতুন বার্তা, ঢাকা:
|
চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। ১৬ বছর আগে এ দিনে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।দিবসটি উদযাপনে সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য, সদস্যবৃন্দ, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিকাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে যাত্রা করে চার্টার্ড সেক্রেটারীদের বর্ণাঢ্য র্যালি বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণে পৌঁছানোর পর নানাবিধ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়। সন্ধায় ঢাকাস্থ কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আনুষ্ঠানিক কেক কাটার মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএসবি-এর কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস। আইসিএসবি-এর প্রেসিডেন্ট জনাব হোসেন সাদাত এফসিএস তার বক্তব্যে ইনস্টিটিউটের অগ্রযাত্রা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে সাবেক নেতৃবৃন্দের অবদানকে স্মরণ করেন ও তাদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রযুক্তিগত অগ্রগতি, সাসটেইনেবিলিটি, চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনার বিষয়ে গুরুত্ব আরোপ করে এই পেশার পরিধি আরও বিস্তৃত করার আহবান জানান। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী ও কর্পোরেট নির্বাহীগণ দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেন। এ সময় প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত প্রবীণ ও নবীন সদস্যরা স্মৃতিচারণ করেন। ইনস্টিটিউটের দীর্ঘ পথচলার নানা স্মৃতি, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তাদের বক্তব্যে উঠে আসে। সমাপনী বক্তব্যে আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ও আয়োজক কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন এফসিএস সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব নেয়ামুল হক এফসিএস ও মিস ইসরাত জাহান রিমি এফসিএস। |