|
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
নতুন বার্তা, ঢাকা:
|
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন সদস্যকে জিম্মি করে নিয়ে গেছে হামলাকারীরা। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।মঙ্গলবার (৯ জুন) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তান সীমান্তসংলগ্ন এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল। সংবাদমাধ্যম ডন অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছে, হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর সন্দেহভাজন আট সদস্য নিহত হয়। এছাড়া আহত হয়েছেন আধাসামরিক বাহিনীর চারজন সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী হামলাকারীদের নিরাপত্তা চৌকিটি দখলের চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে সংঘর্ষের মধ্যে তিনজন সদস্যকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকার নজির রয়েছে। গত মাসে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এক মূল্যায়ন প্রতিবেদনে জানায়, টানা দুই মাস নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর মে মাসে পাকিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে সন্ত্রাসী সহিংসতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। |