|
রৌমারী সীমান্তে ৬০ ঘন্টা পেরিয়ে গেলেও এখন শূন্যরেখায় অবস্থান করছেন শিশু সহ ৬ জন
বেলাল হোসেন, রৌমারী প্রতিনিধিঃ
|
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টা পাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার শিশু সহ ৬ জন এখনও দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও বিষয়টির কোনো সমাধান না হওয়ায় তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে।মঙ্গলবার (১৬ জুন) বিকেল পর্যন্ত বিষয়টি সমাধান হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। গত রোববার সকাল ৬টার দিকে রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে ওই ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। বিষয়টি নিয়ে গত রোববার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। বৈঠকে উভয়পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিষ্পত্তি হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ওই ৬ জন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশেই অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবি নজরদারি অব্যাহত রেখেছে। গয়টা পাড়া সীমান্তে অবস্থানরত শিশু সহ ৬ জনের ভাগ্যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসবে তা নিয়ে এখন অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানবিক দিক বিবেচনায় দ্রুত সমাধানের দাবি করছেন এলাকাবাসী। সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মো.লিটন মিয়া জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখে তারা উদ্বিগ্ন। দ্রুত মানবিক উদ্যোগের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত রোববার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে আমরা প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ের যোগাযোগ অব্যাহত রেখেছি। তাদের পরিচয় যাচাই,বাছাই ও আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। |