|
বোদায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম শুরু
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে বোদা ডাকবাংলোর সামনে ড্রেন পরিষ্কার এবং উপজেলা পরিষদ চত্বরে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদ হোসেন, বোদা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার দিপংকর অধিকারীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা প্রশাসনের কর্মচারীগণ ও বিভিন্ন শ্রেনী পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে, আমার অঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি এই স্লোগানে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বোদা উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযানে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের ওপর গুরুত্ব দিতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি সরিয়ে ফেলার আহ্বান জানান। তিনি সকল শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। পরবর্তীতে প্রতিমন্ত্রী উপস্থিত কর্মীদের সাথে নিয়ে ড্রেনের আবর্জনা পরিষ্কার কার্যক্রমের তদারকি করেন এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরে নিয়মিত ভাবে সপ্তাহে শনিবার এই অভিযান পরিচালিত হবে। উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার লুৎফুল কবীর বলেন, এই অঞ্চলে ডেঙ্গু বা চিকনগুনিয়ার প্রভাব নেই বললেই চলে। তবে বিভিন্ন রোগ প্রতিরোধে সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে র্যালি সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবো। |