|
চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৩ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। শনিবার (২৮ নভেম্বর) জেলার ভোলাহাট উপজেলায় পরিচালিত অভিযানে ১৫৩ বোতল ফেয়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি এবং ১ বোতল ফেনসিডিল উদ্ধার করে এসআরবি। অভিযানে এক নারী মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এসআরবি-৫। এ সময় পালিয়ে যায় তার স্বামী। দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।আটক নারী মাদক কারবারী ভোলাহাট উপজেলার ফুটানী বাজার এলাকার চামুশা ১ নং ওয়ার্ডের শাকিউল হকের স্ত্রী মাহিরন বেগম (৩৯)। কোম্পানী কমান্ডার জানান, বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত গভীর রাত ৩ টায় ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানী বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডের চামুশা গ্রামে মাদক ব্যবসায়ী শাকিউল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি’র উপস্থিতি টের পেয়ে শাকিউল পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী মাহিরনকে শয়নকক্ষে প্লাষ্টিকের বস্তার ভেতর রক্ষিত ৭৩ হাজার ২ শত টাকার ১৮৩ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ ভারতীয় নেশার সিরাপসহ আটক করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আরো জানান, তারা স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর পূর্বক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |