|
নতুন মার্কিন শুল্ক প্রস্তাব: বাংলাদেশ ছাড়াও কোন দেশের কত?
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়। নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনো পরিষ্কার নয়। শুল্কের আওতায় যেসব দেশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার আট মাসব্যাপী তদন্ত শেষে এই শুল্ক আরোপের ঘোষণা এল। তদন্তের আওতায় থাকা ১৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪টির ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলো, বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের তালিকায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে কোনো নতুন শুল্ক প্রস্তাব করা হয়নি। কোন দেশের জন্য কত? মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্যমতে, নতুন এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) ধরা হয়েছে। তবে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। আর ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে। |