|
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ তদন্তের আওতায় থাকা বিভিন্ন অর্থনীতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব করেছে।ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে যথাযথ পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ অতিরিক্ত শুল্কের হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে বাংলাদেশের ওপর আগে থেকে কার্যকর থাকা অন্যান্য ৩০১ ধারার শুল্ক এবং ২৩২ ধারার আওতায় আরোপিত শুল্কও বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা বিভিন্ন অঙ্গীকারও এ প্রস্তাব তৈরিতে গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড, নীতি ও চর্চা মোকাবেলায় বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও বিবেচনায় রেখেছে ইউএসটিআর। যদিও প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়। |