|
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
|
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মোঃ ইদ্রিস আলীর পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক আমন মৌসুমের ধান কেটে নিয়ে যান মোঃ হাচেন আলী গংরা। বিরামপুর উপজেলায় ০৪ নং দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মৃতঃ রিয়াজ উদ্দীনের পুত্র মোঃ ইদ্রিস আলী (৬৮) এর বিরামপুর থানায় গত ০৯-১১-২০২৬ ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় কানোচগাড়ী মৌজার ১৭৮ দাগের ১ একর ১৬ শতাকের মধ্যে ৮০ শতক জমি পৈতৃক সূত্রে পেয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন। ইতিমধ্যে চলতি বছর মোঃ ইদ্রিস আলী ঐ জমিতে আমন ধান চাষ করেন। জমিতে ধান কাটার সময় আসায় একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাচেন আলী (৫৬), পিতা-মৃতঃ ইসিমুদ্দীন, মোঃ মহাসিন আলী (৫০), পিতা- মোঃ হাচেন আলী, মোঃ মুন্না (২৭), মোঃ নাঈম (২২) উভয়ের পিতাঃ মোঃ মহাসিন আলী, মোঃ মকলেছ (৫৫) পিতাঃ -ছইর উদ্দিন, মোঃ উজ্জ¦ল (২৫), মোঃ সাদো (২২) উভয়ের পিতাঃ মোঃ মকলেছ তারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে গত ১০-১১-২০২৬ ইং তারিখে মোঃ ইদ্রিস আলীর জমিতে গিয়ে ধান কাটতে শুরু করে। এ সময় জমির প্রকৃত মালিক মোঃ ইদ্রিস আলী তাদেরকে ধান কাটতে বাধা দিলে তারা তাকে মারপিট ও হত্যার হুমকি দেন। এই ঘটনায় তিনি নিরুপায় হয়ে বিরামপুর থানায় অভিযোগ করলেও বিরামপুর থানার পুলিশ অভিযোগটি আমলে না নেওয়ায় প্রতিপক্ষরা গরীব অসহায় মোঃ ইদ্রিস আলীর ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়। মোঃ ইদ্রিস আলীর অভিযোগে আরও জানা যায়, প্রতিপক্ষরা তার জমিতে থাকা ১৩ টি ইউক্যালিপটাস গাছও কর্তন করে নিয়ে যায় । যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা । মোঃ ইদ্রিস আলী প্রতিপক্ষদের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন। সেই মামলায় গত ২৩-১০-২০১৩ ইং তারিখে অতিরিক্ত দায়রা জজ আদালাত মোঃ ইদ্রিস আলীর পক্ষে রায় দেন। প্রতিপক্ষ মোঃ হাচেন আলী ১.১৬ একরের মধ্যে দুজনের অংশ ক্রয় করেন। কিন্তু তিনি মোঃ ইদ্রিস আলীর পুরো ৮০ শতক জমি দখল করার চেষ্টা করেন। মোঃ ইদ্রিস আলী বার বার ধান চাষ করলেও লাঠিয়াল বাহিনী দিয়ে প্রতিবারেই মোঃ হাচেন আলী ধান কেটে নিয়ে যান। এবারও তাই করেছেন। এই ঘটনায় বিরামপুর থানায় এসআই নুরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনার অভিযোগ পেয়েছি তবে অন্য কাজের কারণে সেখানে যেতে পারি নাই। এই দিকে জমির মালিক মোঃ ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, থানাকে অভিযোগ দেওয়ার পরেও আমি তাদের কাছ থেকে কোনো সুবিচার পাইনি। মোঃ ইদ্রিস আলী অসহায় হওয়ায় প্রতিপক্ষরা বার বার তার ক্ষতিসাধন করছে। এ ব্যাপারে মোঃ ইদ্রিস আলী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। |