|
চাঁপাইনবাবগঞ্জে অবিষ্ফোরিত ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে দুইটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার একটি বট গাছের নীচ থেকে ককটেল দুইটি উদ্ধার করে এসআরবি-৫।এ বিষয়ে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অবিষ্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দিবাগত গভীর রাত বুধবার রাত ৩ টায় জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড শেখটোলায় অভিযান পরিচালনা করে। এ সময় শেখটোলা মোড়ে একটি বটগাছের নীচে লাল কসটেপে মোড়ানো ১টি এবং কালো কসটেপে মোড়ানো ১টি মোট ২টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অধিনায়ক জানান, এখন পর্যন্ত কাওকে আটক করা সম্ভব না হলেও ধারনা করা হচ্ছে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে সংরক্ষণ করা হতে পারে এবং এ বিষয়ে এলাকাবাসীকে আতঙ্কিত না হবার আহবান জানান তিনি। উদ্ধারকৃত ককটেল দুইটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। |