|
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন
নতুন বার্তা, খুলনা:
|
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে দেখা গেছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে আঁকা হয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব ছবির মধ্যে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। ইতিহাস ও সংস্কৃতির স্মারক হিসেবে আঁকা এমন একটি প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি। |