|
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত গভীর রাত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় বিসিআইসি সার ডিলারসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে প্রশাসন।আটক ব্যক্তিরা হলেন- বিসিআইসি সার ডিলার নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমন চালক মো. মতিন (৪৮)। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, সরকারী ডিএপি সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি নসিমনে ৮০ বস্তা সার পাচারের উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া হচ্ছিল। এ ঘটনায় আসামী শাহনেওয়াজ ও মতিন স্বেচ্ছায় দোষ স্বীকার করায় গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নসিমন চালক মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, অভিযানে জব্দ ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্ত গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করাসহ সার পাচার, অবৈধ মজুদ ও পাচার রোধে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। |