|
সাতক্ষীরায় বিজিবি অভিযানে ভারতীয় নাগরিকসহ স্বর্ণের পেস্ট উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরার ভোমরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে (পায়ুপথে) লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা আইসিপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দুই প্যাকেট স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তবে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন সোমবার দিবাগত রাতে। বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্বর্ণের পেস্ট পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্টের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে আটক ব্যক্তিকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা পরীক্ষার মাধ্যমে তাঁর পায়ুপথে লুকিয়ে রাখা দুই প্যাকেট স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। |