|
মুগদা মেডিকেলে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।গ্রেফতারকৃত আসামিরা হলেন–কক্সবাজার সদর উপজেলার ইলিয়াছ (৪৫) এবং রামু উপজেলার আনোয়ার ইসলাম (২৫)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। দুপুরে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় তলায় রেডিওলজি ও প্যাথলজী বিভাগের রূপালী ব্যাংকের কালেকশন বুথের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |