|
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
কামরুল হাসান :
|
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা। তবে অভিযানের সময় এসব মাদকের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।রোববার (১১ অক্টোবর) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদস্যরা উপজেলার শেওড়াতলা ও কাজিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। বিজিবি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কাজিপুর বিওপির আওতাধীন কাজিপুর হাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। এর কিছুক্ষণ পর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে বিজিবির আরেকটি টহল দল। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্যা ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। দুটি অভিযানে সব মিলিয়ে ২১ বোতল ফেনসিডিল, ৪৯ বোতল ভারতীয় মদ এবং দুই ধরনের মোট ২ হাজার ৪৩০টি ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের সম্মিলিত আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা। সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচার নির্মূলে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে বাহিনীর জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে। |