|
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
নতুন বার্তা, ঢাকা:
|
তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। রবিন জানান, বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন। সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ বয়সজনিত কারণে বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংগঠন। |