|
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান জয় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাহবুবুর রহমান জয় (২৪) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও মিরপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।শনিবার (১০ অক্টোবর) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে মিরপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও মিরপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির সঙ্গে জয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এদিকে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন জয়। পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক জীবনে শেখ হাসিনার সঙ্গে এক মিনিট কথা বলার সুযোগ পাওয়া তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এ সুযোগ করে দেওয়ায় তিনি আওয়ামী লীগের নেতা শেখ এনানের প্রতিও কৃতজ্ঞতা জানান। |