|
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী :
|
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি। অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয়। এ সময় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা, গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। জনস্বার্থে এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নিরাপত্তাবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। |