|
রাশিয়া থেকে ইউরেনিয়াম পৌঁছেছে, ভোরে রূপপুরের পথে
নতুন বার্তা, ঢাকা:
|
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে একটি জ্বালানিবাহী কার্গো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার পারমাণবিক সংস্থা-রোসাটমের বাংলাদেশের পিআর সংস্থা-ট্রাইউইন গ্রুপের একজন দায়িত্বশীল কর্মকর্তা। এ কর্মকর্তা বলেন, প্লেন থেকে ইউরেনিয়াম গাড়িতে লোড করতে ৪ ঘণ্টা লাগবে। সেক্ষেত্রে শনিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ইউরেনিয়ামবাহী গাড়ি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়। শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমানটি রূপপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছাবে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান দেশে আসার কথা। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক বার্তায় জানায়, ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ, উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে। জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। |