|
নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো: শাহীনুজ্জামান,নড়াইল :
|
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পেড়লী ইউনিয়নের শীতলবাটি ও পাঁচগ্রাম ইউনিয়নের বুড়ীখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে পেড়লী ইউনিয়নের শীতলবাটি গ্রামের সাকু শেখের ছেলে লাদেন শেখকে (২১) তার বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ২ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে পাঁচগ্রাম ইউনিয়নের বুড়ীখালি গ্রামে অভিযান চালিয়ে মনা শেখের ছেলে রাজিব শেখ (৩১) ও মৃত ইদ্রিস মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় রাজিব শেখ ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ছোট ছোট প্যাকেটে ভাগ করছিলেন। আর মোক্তার মোল্লা ঘরের দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান সফল করতে কালিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। |